এক মাসের ব্যবধানে ফের বাড়াল বিদ্যুতের দাম। এবারের আগে সর্বশেষ দুই দফায় গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ১১ শতাংশ বাড়ানো হয়। পাইকারি বিদ্যুতের দাম ফিডার ভেদে সাড়ে ৬ থেকে সাড়ে ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। সরকার বিদ্যুৎ উৎপাদন ও বিক্রিতে ভর্তুকি পুরোপুরি তুলে দিতে চায়। এর মানে বিদ্যুতের দাম আগামীতে আরো বাড়বে।
দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যুৎকেন্দ্র থেকে চুক্তি অনুসারে নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে নেয় পিডিবি। এরপর উৎপাদন খরচের চেয়ে কিছুটা কম দামে ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রি করে। ঘাটতি মেটাতে পিডিবি সরকারের কাছ থেকে ভর্তুকি নেয়। তবে বিতরণ সংস্থাগুলো ভর্তুকি পায় না। এগুলো নিয়মিত মুনাফা করছে।
সরকারের নির্বাহী আদেশে গত মঙ্গলবার রাতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার ভোক্তাপর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। মার্চ মাসের বিল থেকে নতুন এ দাম কার্যকর হবে। এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম।
দেখা যাচ্ছে, বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোয় ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হলো।
আগে গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ করত এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আইন সংশোধন করে এ ক্ষমতা হাতে নিয়েছে সরকার। এর পর থেকে নির্বাহী আদেশে দাম বাড়াচ্ছে বিদ্যুৎ বিভাগ।
প্রশ্ন হচ্ছে, কেন বারবার বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে। আসলে দেশকে শতভাগ বিদ্যুতায়িত করতে সরকার যে নীতি নেয় তাতে গলদ রয়েছে বলে অনেক জ্বালানি বিশেষজ্ঞ মনে করেন।
বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ পেতে যে বাড়তি অর্থ সরকারকে ব্যয় করতে হয়েছে; তার চেয়েও অনেক বেশি ব্যয় হবে ভারতের আদানি গ্রুপের মালিকানাধীন গোড্ডা পাওয়ারের সাথে করা চুক্তি অনুযায়ী। ২৫ বছর ধরে ক্যাপাসিটি চার্জ দিতে হবে যদি কোনো বিদ্যুৎ না-ও নেয়া হয়। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) প্রতিবেদনে বলা হয়েছে- আদানির প্রতি ইউনিট বিদ্যুৎ ১৬-১৭ টাকায় কিনতে হবে। যদিও আমদানি করা কয়লা দিয়ে উৎপাদিত পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের দাম পড়ছে ৮-৯ টাকা।
অন্য বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের চেয়ে আদানির ক্যাপাসিটি চার্জও বেশি। বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন দ্য এক্সটার্নাল ডেট ও ভারতভিত্তিক গ্রোথওয়াচের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ নেয়া না গেলে এর বিপরীতে বড় অঙ্কের ক্যাপাসিটি চার্জ গুনতে হবে বাংলাদেশকে। বার্ষিক ক্যাপাসিটি চার্জের পরিমাণ দাঁড়াবে ৪২ কোটি ৩২ লাখ ৯০ হাজার ডলারে। টাকার অঙ্কে যা পাঁচ হাজার কোটি টাকার মতো। ২৫ বছর ধরে এভাবে ক্যাপাসিটি চার্জ দিতে হলে লাখ কোটি টাকা দাঁড়াবে, যা হবে ওই প্লান্টের খরচের প্রায় চার গুণের সমান।
সরকারের ভুল নীতির সব দায় চাপিয়ে দেয়া হচ্ছে জনগণের ওপর। অথচ পিডিবির মাধ্যমে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হলে বিদ্যুতের দাম এত বাড়ত না। এই খাতে অনিয়ম-দুর্নীতি কমানো গেলে মানুষকে সহনীয় দামে বিদ্যুৎ সরবরাহ করা যেত। জ্বালানির দাম বেড়ে যাওয়ার অর্থ মানুষের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি। এতে বেশি বেকায়দায় পড়ে সীমিত আয়ের মানুষ। বর্তমানে অসহনীয় মূল্যস্ফীতির কারণে মানুষ দুর্বিষহ দিন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে ফের বিদ্যুতের দাম বাড়ানোয় সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে। সাধারণ মানুষ কিভাবে এ বোঝা সামলাবে তার কোনো জবাব নেই।











































