Home খেলাধুলা পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে বার্সার দুর্দান্ত জয়

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে বার্সার দুর্দান্ত জয়

0

স্পোর্টস ডেস্ক।।

নু ক্যাম্পে খেলা শুরুর সাত মিনিটের মধ্যে ২ গোল হজম করে বসেছিল বার্সেলোনা। পিছিয়ে পড়ে ভিয়ারিয়ালের সীমানায় আক্রমণের ঝড় বইয়ে দেয় স্বাগতিকরা। এর মধ্যে ২২ মিনিটে লামিনে ইয়ামালকে বক্সের মধ্যে ফেলে দিলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

কিন্তু ইয়ামালের গড়ানো শট ডান পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এই পেনাল্টি মিসের পর বার্সা শিবিরও কেমন যেন হতোদ্যম হয়ে পড়ে। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই ঘুরে দাঁড়ান ইয়ামাল-লোপেজরা। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

ভিয়ারিয়ালের গোলমুখটা খোলেন জেরার্ড মার্টিন। পেদ্রির ক্রসে দারুণ এক হেড করে সফরকারীদের গোলরক্ষককে নড়াচড়ার সুযোগ না দিয়ে জালে বল পাঠান তিনি। এই গোলেই হতাশা ঝেড়ে নবউদ্যমে ঝাঁপিয়ে পড়ে বার্সা।

৬১ মিনিটে ইয়ামাল ডানপ্রান্ত দিয়ে ভিয়ারিয়ালের সীমানায় ঢুকে চমৎকার এক পাস বাড়ান। চলতি বলেই বক্সের ওপর থেকে গড়ানো শটে ম্যাচে সমতা ফেরান ফেরমিন লোপেজ।

তখন গোলের নেশায় মত্ত বার্সার আক্রমণের তোড়ে ভেসে যাওয়া দশা ভিয়ারিয়ালের। ৬৭ মিনিটে ইয়ামালের গড়া একটি আক্রমণ ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়াল ডিফেন্ডার পাউ নাভারো।

এ জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আবার শীর্ষে উঠে গেছে বার্সা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে রিয়াল ২-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে।