Home আঞ্চলিক একটি সংবাদে বদলে গেল ১১ পাখির ভাগ্য, খাঁচামুক্ত করে আকাশে উড়িয়ে দিলেন...

একটি সংবাদে বদলে গেল ১১ পাখির ভাগ্য, খাঁচামুক্ত করে আকাশে উড়িয়ে দিলেন ইউএনও

4

ফকিরহাট প্রতিনিধি।।

দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় সংবাদ প্রকাশের পর বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের যৌথ দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১০টি কালকুচ ও একটি কালিম পাখি উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে পাখি বিক্রেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী ও নির্মল কুমার পালের নেতৃত্বে অভিযানে রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ ও মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় সুন্দরবন পূর্ব বন বিভাগের বন প্রহরী বিশ্বাস নওশের আলী, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মো. শাহিন এবং জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অনিমেষ চন্দ্র নির্ভরও অভিযানে অংশ নেন।

পরে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান উদ্ধারকৃত ১১টি পাখি প্রকৃতিতে অবমুক্ত করেন।

এ সময় তিনি বলেন, “শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এ অঞ্চলে আসে এবং শীত শেষে নিজ আবাসস্থলে ফিরে যায়। এসব অতিথি পাখি ধরা, বিক্রি ও শিকার করা দণ্ডনীয় অপরাধ।” তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।