স্টাফ রিপোর্টার।।
খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) আরিফুল ইসলাম জুয়েলকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তাঁর নিজ কর্ম-অধিক্ষেত্র খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তনের জন্য চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) আরিফুল ইসলাম জুয়েলকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনায় প্রত্যাবর্তনের নিমিত্ত তাঁর চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রত্যর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ জুন খুলনা বিশ্ববিদ্যালয়ের এই প্রকৌশলী প্রেষণে খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি ওয়াসার একটি বড় প্রকল্পের পরিচালকের দায়িত্ব পাওয়া এবং অতীতের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর আলোচনার সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় তাঁকে মূল কর্মস্থলে ফেরত পাঠানোর এই প্রজ্ঞাপন জারি করা হলো।











































