Home আঞ্চলিক দুবলারচরে দুই দিনের রাস উৎসব শুরু কাল, মঙ্গলবার সাগরে পুণ্যস্নান

দুবলারচরে দুই দিনের রাস উৎসব শুরু কাল, মঙ্গলবার সাগরে পুণ্যস্নান

1

স্টাফ রিপোর্টার।।

সুন্দরবনের দুবলারচরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী দুই দিনের রাস উৎসব। উৎসবে যোগ দিতে আজ রোববার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো তীর্থযাত্রী নৌযানে করে দুবলারচরের উদ্দেশে রওনা হয়েছেন। আগামীকাল সোমবার বঙ্গোপসাগরের তীরে দুবলার আলোরকোলে উৎসব শুরু হবে। আগামী মঙ্গলবার সকালে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. হামিদুর রহমান জানান, আজ দুপুর পর্যন্ত তাঁর স্টেশন থেকে ২৯৪টি নৌযানে অনুমতিপত্র নিয়ে ৬ হাজার ২০৯ জন তীর্থযাত্রী দুবলারচরের উদ্দেশে রওনা হয়েছেন। এ ছাড়া ঢাংমারী স্টেশন থেকে ১১১টি নৌযানে গেছেন আরও ২ হাজার ৩৭১ জন। সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকেও অনেক তীর্থযাত্রী সেখানে গেছেন।

রাস উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, প্রতিবছরের মতো এবারও উৎসব আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মন্দির। তৈরি করা হয়েছে রাধাকৃষ্ণের প্রতিমা।

তিনি জানান, তিথি অনুযায়ী আগামীকাল রাতে অস্থায়ী মন্দিরে পূজা-অর্চনা, ভজন ও কীর্তন অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, নড়াইল, ঢাকা ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসবে অংশ নেবেন। আগামী মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান শেষে বাড়ির উদ্দেশে রওনা হবেন তাঁরা।


সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আজ সকাল থেকে শুধু সনাতন ধর্মাবলম্বীদের দুবলারচরে যাওয়ার অনুমতিপত্র দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে বন বিভাগ। উৎসব নির্বিঘ্ন করতে বনরক্ষী, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবেন। পাশাপাশি হরিণসহ বন্যপ্রাণী শিকার ঠেকাতে বনরক্ষীরা কঠোর নজরদারি রাখবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতীতে পুণ্যার্থীদের ছদ্মবেশে শিকারি চক্রের সদস্যরা সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করত। এ কারণে ২০২১ সাল থেকে রাস উৎসবের মেলা বন্ধ রাখা হয়েছে। এরপর থেকে শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এ আয়োজন।