Home স্বাস্থ্য পুষ্টিগুণে ভরপুর বেদানা, তবু যাদের খাওয়ায় সতর্কতা জরুরি

পুষ্টিগুণে ভরপুর বেদানা, তবু যাদের খাওয়ায় সতর্কতা জরুরি

0

মিলি রহমান।।

বেদানার দানায় পলিফেনল ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে বেদানা সবার জন্য সমানভাবে উপকারী নাও হতে পারে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ১৮।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু স্বাস্থ্যগত অবস্থা, প্রেসক্রাইবড ওষুধ বা অ্যালার্জির কারণে কিছু মানুষের বেদানা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে যদি আপনি কোনও শারীরিক অসুস্থতার জন্য ওষুধ গ্রহণ করেন, তবে নিয়মিত বেদানা বা এর রস খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া ভালো।

গবেষণায় দেখা গেছে, বেদানা খেলে রক্তচাপ কমে। যাদের রক্তচাপ আগে থেকেই কম, তাদের বেশি পরিমাণে বেদানার রস পান না করা ভালো। বেদানার রস পানে কারও কারও মাথা ঘোরা বা দুর্বলতা হতে পারে।

সামনে যদি আপনার কোনো অপারেশন হওয়ার কথা থাকে, তাহলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিয়ে বেদানা খান, বা বাদ দিন। আপনার অপারেশন, ওষুধ এবং স্বাস্থ্যের অবস্থার উপর ভিত্তি করে, চিকিৎসক সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচারের কত দিন আগে কোন কোন খাবার খাওয়া বন্ধ করতে হবে।

যাদের পেট সংবেদনশীল বা হজমের সমস্যা আছে, তারা বেদানার রস পানের আগে সচেতন হোন। বেদানায় ফাইবার থাকে, যা একটি সুষম খাদ্যের ভালো অংশ হতে পারে। তবে, বেশি পরিমাণে বেদানা বা এর রস খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস বা পেটে অস্বস্তি হতে পারে।

বেদানা খাওয়ার পর যদি আপনার চুলকানি, আমবাত, ঠোঁট বা মুখ ফুলে যাওয়া, গলা জ্বালা করা, বা শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো উপসর্গ দেখা দেয়, তবে সেগুলোকে হালকাভাবে নেবেন না। যদি আপনি গুরুতর অ্যালার্জির উপসর্গ অনুভব করেন, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

অনেকেই মনে করেন যে, যেহেতু এটি লাল, তাই এটি খেলে হিমোগ্লোবিন বাড়ে। এটা একেবারেই সত্যি নয়। বেদানায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফাইবার রয়েছে। আপনি যদি কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তবে আপনার খাদ্যতালিকায় অবশ্যই বেদানা অন্তর্ভুক্ত করা উচিত। তবে কিডনি রোগীরা বেদানা পারতপক্ষে খাবেন না। এছাড়া ব্লাড সুগার থাকলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে বেদানা খাবেন। শুধুমাত্র রস করে খাবেন না। তাহলে রক্তে দ্রুত শর্করা বেড়ে যাবে।