ঢাকা অফিস।।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে আমন ধান কাটায় বিঘ্ন ঘটছে। কোথাও জমিতে পাকা ধান কাটতে পারছেন না কৃষকেরা, আবার কোথাও কেটে রাখা ধান মাড়াই ও শুকানো যাচ্ছে না।
এতে মাঠের পাকা ধান ও কেটে রাখা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে আগাম শীতকালীন সবজির ক্ষতির শঙ্কাও দেখা দিয়েছে।
তবে কৃষি বিভাগ বলছে, বর্তমান বৃষ্টিতে আমন ধানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। ফরিদপুরে কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মাঝারি থেকে ভারী বর্ষণে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শ্রমজীবী ও শিক্ষার্থীরা।
পাশাপাশি আমন ধান ও আগাম শীতকালীন ফসলের ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বর্ষণে গ্রামীণ কাঁচা ও আধাপাকা সড়ক কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে পানি জমে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। শহরের নিচু সড়ক ও অলিগলিতে পানি জমে স্বাভাবিক বেচাকেনা ও দৈনন্দিন কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছে। বৃষ্টির কারণে দিনমজুর, নির্মাণশ্রমিক ও ভ্যান-রিকশাচালকদের কাজ কমে যাওয়ায় নিম্নআয়ের মানুষের আয়-রোজগারেও টান পড়েছে।
ফরিদপুরে বর্তমানে আমন ধান পাকার শেষ পর্যায়ে রয়েছে। অনেক এলাকায় ধান কাটার প্রস্তুতি চলছে। বৃষ্টির পানিতে জমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ধানের গাছ হেলে পড়া ও শিষ নুইয়ে পড়ার আশঙ্কা করছেন চাষিরা। এ ছাড়া আগাম শীতকালীন সবজি, শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লালশাক ও পালংশাকের ক্ষেতে জলাবদ্ধতা দেখা দিলে চারা ও গাছ পচে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, সারা বছরের পরিশ্রমে ফসল ঘরে তোলার মুখে এমন বৃষ্টিতে তারা বড় ক্ষতির আশঙ্কায় রয়েছেন। জমিতে দীর্ঘক্ষণ পানি জমে থাকলে ধান কাটা ও মাড়াইয়ের কাজে বিলম্ব হবে এবং উৎপাদনও কমে যেতে পারে।
ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে জেলার কিছু এলাকায় আমন ধান এবং আগাম শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই; জমিতে যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে জন্য কৃষকদের দ্রুত নালা কেটে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। পাকা ও আধা-পাকা ধান হেলে পড়লে বা জমিতে পানি জমলে ছত্রাকজনিত রোগ ও শিষ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে, এ বিষয়ে আমরা মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছি। আবহাওয়া স্বাভাবিক হলে এবং দ্রুত পানি সরানো গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।
এদিকে মৌলভীবাজারে দুদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাকা আমন ধান কাটা ব্যাহত হচ্ছে। বৃষ্টির কারণে ধান কাটা, মাড়াই ও শুকাতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকেরা। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃষ্টি শুরু হয়। এতে পাকা ধান কাটতে পারছেন না অনেক কৃষক। যারা ধান কেটেছেন, তারাও মাড়াই ও শুকাতে পারছেন না। অগ্রহায়ণ মাসে হঠাৎ এমন বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
কৃষক সুহান মিয়া বলেন, আমন ধান পুরোপুরি পেকে গেছে। তারা গত এক সপ্তাহ ধরে ধান কাটা শুরু করেছেন। তবে বৃষ্টির কারণে রোদ না থাকায় কাটা ধান মাড়াই ও শুকানো যাচ্ছে না। কাজের লোক এনেও কাজ করাতে না পারলেও তাঁদের টাকা দিতে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা প্রায় ১ লাখ হেক্টর নির্ধারণ করা হয়। শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আমন ধান পুরোপুরি পেকে যাওয়ায় কৃষকেরা কাটা শুরু করেছেন। তবে এই বৃষ্টিতে কৃষকের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সরেজমিনে জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়াসহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, অনেক কৃষক ধান কেটে মাঠেই রেখে গেছেন। বৃষ্টির কারণে সেগুলো মাড়াই করতে পারছেন না। কেউ কেউ ধানের স্তূপ করে সড়কের পাশে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন। আবার অনেকে বৃষ্টির কারণে পাকা ধান কাটতেই পারছেন না।
শনিবার (২১ নভেম্বর) মঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মৌলভীবাজারে ৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
রাজনগর উপজেলার কৃষক মিজান আহমেদ বলেন, তিনি প্রায় ১ একর জমির ধান কেটেছেন। কিন্তু সেগুলো মাড়াই করতে পারছেন না। মাড়াই করা ধানও শুকাতে পারছেন না। মাঠে আরও দুই একর জমির ধান কাটার বাকি রয়েছে। সব মিলিয়ে হঠাৎ বৃষ্টিতে সবকিছু এলোমেলো হয়ে গেছে।
শনিবার (২১ নভেম্বর) মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, যে বৃষ্টি হয়েছে, তাতে আমন ধানের কোনো ক্ষতি হবে না। বৃষ্টির কারণে অনেক সবজির উপকার হয়েছে। কৃষকেরা আমন ধান কাটা শুরু করেছেন। আশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যে সব ধান কাটা হয়ে যাবে।
অন্যদিকে কুড়িগ্রামে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন ধানচাষিরা। মাঠে পেকে থাকা ধান কাটার উপযুক্ত সময় হলেও বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ফসল কাটার কাজ। বৃষ্টির বিরতি পেয়ে ধান কাটতে মাঠে ছুটে যাচ্ছেন কৃষকেরা। কিন্তু কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হওয়ায় কাজ বন্ধ রেখে ফিরে আসতে হচ্ছে তাদের। এতে জমিতে থাকা পাকা ধান ও কেটে রাখা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের কৃষক রাসেল বলেন, তার জমির আমন ধান প্রায় সব পেকে গেছে। এখন ধান কাটার উপযুক্ত সময় হলেও বৃষ্টির কারণে কাটতে পারছেন না। কিছু ধান কেটে জমিতে রাখা হয়েছে। সেগুলোও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আবার কেটে ঘরে নেওয়ার মতো পরিস্থিতিও নেই। ঘরে তুললেও কোথায় শুকাবেন, কোথায় রাখবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
একই উপজেলার হলখানা ইউনিয়নের কৃষক বুলবুল ইসলাম বলেন, এবার আমন চাষের শুরু থেকেই নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। শুরুতে বৃষ্টি না থাকায় ধানের ভালো বৃদ্ধি হয়নি। পরে পোকার আক্রমণেও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এমনিতেই ফলন অনেকটা কমে গেছে। এখন ধান পাকার সময়ে আবার বৃষ্টি শুরু হওয়ায় অবশিষ্ট ফসল ঘরে তোলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবড়ী এলাকার কৃষক এনামুল বলেন, এমনিতেই ধান চাষ করে খুব একটা লাভ হয় না। তার ওপর নানা প্রতিকূলতায় উৎপাদন খরচ বেড়েছে, কমেছে ফলন। কৃষকেরা যে ফসলই উৎপাদন করেন, অনেক সময় তার ন্যায্যমূল্য পান না। উৎপাদন ভালো হলেও বাজারে দাম থাকে না। সব মিলিয়ে কৃষকদের অবস্থা এখন খুবই খারাপ। বৃষ্টিতে পাকা ধান ঘরে তুলতে না পারায় সেই সংকট আরও বেড়েছে।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার সারাদিনই কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির এ পরিস্থিতি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।
বর্তমান বৃষ্টিতে আমন ধানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখছে না কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) মিঠুন চন্দ্র অধিকারী জানান, বর্তমানে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, তাতে ফসলের ক্ষতির আশঙ্কা নেই। তবে অতিরিক্ত বৃষ্টিতে জমিতে পানি জমে থাকলে কিছুটা ক্ষতি হতে পারে। আপাতত বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখছেন না তারা। বরং এবার আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। একসময় সার না পাওয়ার যে অভিযোগ ছিল, এবার কৃষকেরা প্রয়োজন অনুযায়ী ও পরিমিত মাত্রায় সার প্রয়োগ করতে পেরেছেন। কৃষকদের কাছ থেকেও ভালো ফলনের কথা জানা গেছে।
এদিকে বৃষ্টির মধ্যে পাকা আমন ধান রক্ষায় কৃষকদের আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহা. রাশেদুল ইসলাম। তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় নিয়ে দ্রুত পাকা ধান ঘরে তোলার উদ্যোগ নিতে হবে। যেসব জমির ধান বেশি পেকেছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে কাটতে হবে। কাটা ধান খোলা মাঠে ফেলে না রেখে উঁচু ও শুকনো স্থানে রাখতে হবে। বৃষ্টির পানি থেকে রক্ষায় ত্রিপল বা পলিথিন দিয়ে ঢেকে রাখার পাশাপাশি ভিজে যাওয়া ধান দ্রুত মাড়াই করে শুকানোর ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত রোদ না থাকলে ফ্যানের বাতাসেও ধান শুকানো যেতে পারে। তবে ধান পুরোপুরি শুকানোর আগে বস্তাবন্দি করে দীর্ঘদিন সংরক্ষণ করা ঠিক হবে না।
আমন ধান ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টিতে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। কৃষি বিভাগ বড় ধরনের ক্ষতির আশঙ্কা না দেখলেও টানা বৃষ্টি অব্যাহত থাকলে পাকা ধান ও কেটে রাখা ফসলের ক্ষতির শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কৃষকেরা। তাই আবহাওয়ার উন্নতি ও রোদ ওঠার অপেক্ষায় রয়েছেন তারা।











































