স্পোর্টস ডেস্ক।।
ব্রাজিলের জার্সিতে বিশ্বমঞ্চে খেলেছেন, ইউরোপের নামী ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের প্রতিনিধিত্ব করেছেন। এরপর পেশাদার ফুটবলের ঠিকানা হয়েছে সৌদি আরব।
তবে ক্যারিয়ারের এসব অর্জনের বাইরে এবার ভিন্ন এক কারণে আলোচনায় ব্রাজিলিয়ান নারী ফুটবলার কাতেলেন সুজা। ইসলাম গ্রহণের পর মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন এই ডিফেন্ডার। তার জীবনের এই নতুন অধ্যায় ছুঁয়ে গেছে অনেকের হৃদয়।
কিন্তু কে এই কাতেলেন সুজা, কিভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন তিনি?
ফুটবলে পথচলা ও ক্যারিয়ার
১৯৯৬ সালের ২৬ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম কাতেলেন সুজা ফেইতোজার।
ছোটবেলায় সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন। তবে ব্রাজিলে নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ না থাকায় ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মনরো কলেজ, ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলেছেন।
কাতেলেনর পারিবারিক জীবন নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। তবে তার ভাষ্য অনুযায়ী, তিনি বেড়ে উঠেছেন ক্যাথলিক পরিবারে। ছোটবেলায় গির্জায় যেতেন, এমনকি গির্জার বিভিন্ন কাজেও যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে ফ্রান্সের ক্লাব বোর্দো দিয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু। এরপর খেলেছেন ইতালির ইন্টার মিলানে। ২০২২ সালে যোগ দেন স্পেনের রিয়াল মাদ্রিদে।
২০২৪ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের আল নাসরে যোগ দেন কাতেলেন। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও ক্লাব এটি। তবে এ বছরের জুলাইয়ে আল নাসর ছেড়ে আরেক সৌদি ক্লাব আল হিলালে নাম লেখান এই ডিফেন্ডার।
ব্রাজিল জাতীয় দলের হয়েও কাতেলেনের রয়েছে দারুণ অভিজ্ঞতা। ২০১৮ সালে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৩১টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১৯ ও ২০২৩—দুটি নারী বিশ্বকাপেই ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালে কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও ছিলেন।
যেভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন
ইসলামের প্রতি কাথেলেনের আকৃষ্ট হওয়ার গল্পটিও বেশ চমকপ্রদ। ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় যাত্রার বিস্তারিত জানিয়েছেন ৩০ বছর বয়সী ডিফেন্ডার।
তিনি বলেন, ‘আমার জন্ম ক্যাথলিক পরিবারে। আমাকে ব্যাপটাইজড করা হয়েছিল। ছোটবেলায় গির্জায় যেতাম, গির্জার বিভিন্ন কাজেও যুক্ত ছিলাম। ধর্মের প্রতি আমার গভীর বিশ্বাস ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদে থাকার শেষ বছরে আমি আধ্যাত্মিকভাবে পুরোপুরি পথ হারিয়ে ফেলেছিলাম। কোনো নির্দিষ্ট ধর্মও অনুসরণ করছিলাম না। সব ধরনের ধর্ম সম্পর্কে জানতে, পড়তে ও আলোচনা করতে ভালো লাগত।’
সৌদি আরবে যাওয়ার পর মুসলিম সতীর্থদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা শুরু করেন কাথেলেন। এ ব্যাপারে বলেন, ‘তারা কখনো আমাকে কিছু চাপিয়ে দেয়নি। গত বছর এখানে আমার প্রথম রমজানে আমি মুসলিম না হয়েও রোজা রেখেছিলাম। ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছিল। এরপর কুরআন পড়েছি, তাদের সঙ্গে আরো বেশি আলোচনা করেছি।’
বড়দিনের ছুটিতে পরিবারের কাছে গিয়ে বাবার সঙ্গেও ধর্ম নিয়ে আলোচনা করেন কাতেলেন। তার ভাষায়, ‘গত এক বছরে ধর্ম সম্পর্কে যা শিখেছি, সেসব বাবাকে বলেছিলাম। বাবা আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি আধ্যাত্মিকভাবে অনেক পরিণত, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠেছ। সৌদি আরবে ফিরে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে এসেছিলাম, যে ধর্ম সম্পর্কে জানছি ও শিখছি, সেটি আমাকে আরো ভালো মানুষ করে তুলছে। তাই ইসলাম গ্রহণ করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এ বছরের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন কাথেলেন। আল নাসর নারী দলের সতীর্থরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর মক্কায় গিয়ে পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তনের চেষ্টা এবং জীবনের উপহারগুলোর জন্য কৃতজ্ঞতা।’
গতকাল (১৯ নভেম্বর) মক্কায় গিয়ে আবারও ওমরাহ পালন করেছেন কাতেলেন। ফুটবলের মাঠে নতুন চ্যালেঞ্জের পাশাপাশি জীবনের এই নতুন পথচলাও এগিয়ে নিচ্ছেন ব্রাজিলের এই ডিফেন্ডার।











































