গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জে কয়েক দিনের সহিংসতার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে কোথাও নতুন করে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
জেলা শহরের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হওয়ায় জেলার কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুর করার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে খাবারের দোকান ছাড়াও দোকানপাট খুলতে শুরু করেছে।
জেলা শহরের সড়কগুলো দিয়ে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতায় শহরে সাধারণ মানুষর উপস্থিতি কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। এর ফলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা।
সকালে শহরের প্রধান সড়কে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। সংসদ সদস্যসহ গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় ও বিএনপি এবং জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৌহিদ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। রাত থেকে যানবাহন চলাচল শুরু করে।
লকডাউনের কারণে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে আটকাপড়া যানবাহন গন্তব্যের উদ্দেশে রওনা হয়। আজ শুক্রবার সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।’
তবে গত কয়েক দিন গোপালগঞ্জে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কর্মকর্তারা ফোন ধরেননি। এই কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।











































