বিনোদন ডেস্ক।।
নৈশক্লাব, বার ও আতিথেয়তা খাতের লাইসেন্স ও পরিচালনা সংক্রান্ত আইন লঙ্ঘনের সন্দেহে জাপানে গ্রেপ্তার হয়েছেন রিয়েলিটি শো তারকা আসুকা ওগুরি, যিনি ‘আসুন’ নামে বেশি পরিচিত। নেটফ্লিক্সের ডেটিং শো ‘ব্যাডলি ইন লাভ’-এর দ্বিতীয় মৌসুমে অংশ নিয়ে আলোচনায় আসা পুতুলের মতো চেহারার এই তরুণীকে ঘিরে এখন জাপানের বিনোদনজগতে চলছে নানা আলোচনা।
গত ১৫ নভেম্বর জাপানের আইচি প্রিফেকচার পুলিশ আসুকা ওগুরিসহ আরও দুজনকে আটক করে। তদন্তকারীদের অভিযোগ, নাগোয়া শহরের নিশিকি ৩-চোম এলাকায় ‘গুরি’ নামের একটি প্রতিষ্ঠান চালাতেন ওগুরি। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির কাজকর্ম অনুমোদিত লাইসেন্সের শর্ত মানেনি।
পুলিশ জানিয়েছে, যথাযথ লাইসেন্স ছাড়াই ওই প্রতিষ্ঠানে অতিথিদের সঙ্গে বসে গল্প করা ও মদ পরিবেশনের ব্যবস্থা ছিল। সেখানে আলাদা বসার জায়গা ছিল, যেখানে নারী কর্মীরা অতিথিদের সঙ্গে সময় কাটাতেন এবং পানীয় পরিবেশন করতেন। তদন্ত সংস্থার দাবি, ওগুরি নিজে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন এবং একই সঙ্গে নিশিকি ৩-চোম এলাকার একটি ক্লাবেও কাজ করতেন।
১৯৯৬ সালে নাগোয়া শহরে জন্ম নেওয়া আসুকা ওগুরি গ্রেপ্তারের আগে থেকেই স্থানীয় বিনোদন অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসী উপস্থিতির সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে তার আলাদা পরিচিতি তৈরি হয়। ইউটিউবের নারী সঞ্চালক ও হোস্ট বাছাইয়ের অনুষ্ঠান ‘লাস্ট কল’-এ ‘কুইন’ নামে বিচারকের ভূমিকায় দেখা যাওয়ার পর তার জনপ্রিয়তা আরও বাড়ে।
তবে আসুনের বড় পরিচিতি আসে নেটফ্লিক্সের ডেটিং রিয়েলিটি শো ‘ব্যাডলি ইন লাভ’-এর দ্বিতীয় মৌসুমে অংশ নিয়ে। জাপানে ‘লাভ জোতো’ নামে পরিচিত এই শোয়ে ভিন্ন স্বভাব ও জটিল প্রেমের অভিজ্ঞতা থাকা তরুণ-তরুণীদের ওকিনাওয়ার একটি একাডেমিতে ১৪ দিন একসঙ্গে রাখা হয়। স্পষ্টভাষী ও দৃঢ় ব্যক্তিত্বের কারণে সেখানে দর্শকদের নজরে আসেন তিনি।
পুতুলের মতো চেহারার পাশাপাশি স্বাধীনচেতা ও কিছুটা বিদ্রোহী স্বভাবের কারণেও আলোচিত ছিলেন আসুন। অতীত প্রেমের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা থাকা এই তরুণী অনুষ্ঠানের শেষ পর্বে মাকুন নামের এক মুষ্টিযোদ্ধার সঙ্গে জুটি বাঁধেন। রিয়েলিটি শোয়ের পর তার অনুসারীর সংখ্যা দ্রুত বাড়ে; বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারী আট লাখের বেশি।
সূত্র: জি-নিউজ











































