স্টাফ রিপোর্টার।।
প্রবাহমান খালকে বদ্ধ দেখিয়ে দেয়া হয়েছে ইজারা। পরে সেই খালে নেট-পাটাতন বসিয়ে বন্ধ করা হয়েছে পানির স্বাভাবিক প্রবাহ। খুলনার বিভিন্ন উপজেলায় শত শত খালে এমন চিত্র দেখা গেছে। আর এসবের সঙ্গে সরকারি কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা।
খাল বন্ধ হয়ে যাওয়ার কারণে মাছ ধরতে পারছেন না স্থানীয় জেলেরা, অন্যদিকে শুষ্ক মৌসুমে সেচের পানি না পেয়ে বিপাকে পড়ছেন কৃষকরা। বর্ষায় পানি নিষ্কাশনও বাধাগ্রস্ত হওয়ায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও মৎস্য উৎপাদন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, খুলনায় পাঁচ শতাধিক খাল রয়েছে। এর মধ্যে ২৬০টি প্রবাহমান, বাকিগুলো বদ্ধ অবস্থায় রয়েছে।
এসবের মধ্যে শুধুমাত্র বটিয়াঘাটা উপজেলার ৬টি প্রবাহমান খালকে বদ্ধ দেখিয়ে ইজারা দেয়া হয়েছে।
প্রবাহমান খালকে বদ্ধ দেখিয়ে ইজারা
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা গ্রামের প্রবাহমান খরিয়ার গেট খালকে বদ্ধ দেখিয়ে ইজারা দেয়া হয়। এরপর ইজারাদাররা নিয়মনীতির তোয়াক্কা না করে বড় আকারের পাটাতন বসিয়ে বন্ধ করে দেয়া হয়েছে পানির স্বাভাবিক প্রবাহ।
আইন না মেনে কেন নেট-পাটাতন দিচ্ছেন এমন প্রশ্নের উত্তর খুঁজতে কয়েকজন ইজারাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বটিয়াঘাটার দেবীতলা গ্রামে দেখা মেলে ইজারা নেয়া এক প্রতিষ্ঠানের কর্মচারী সুকুমার দাসের।
আইন অমান্য করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অল্প সময়ের জন্য পাটাতন দেই, মাছ ধরার পরে আবার উঠিয়ে দেই।’ তবে বিষয়টি আইন মেনে হচ্ছে না বলে স্বীকার করেন তিনি। সুকুমার বলেন, ‘পাটা না দিলে মাছ পাওয়া যায় না। তবে এটা উঠিয়ে ফেলব।’
কৃষক মৈত্রী ফাউন্ডেশনের সভাপতি দেব প্রসাদও এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ৬টি খালকে উন্মুক্ত করে দেয়ার জন্য জেলা প্রশাসনে আবেদন করেছি। আমরা সংবাদ সম্মেলন করেও আমাদের দাবির কথা জানিয়েছি। তবে কোনো ফল পাইনি।’
তিনি দাবি করেন, জেলার বিভিন্ন উপজেলায় অবৈধভাবে শতাধিক খালে নেট-পাটাতন বসানো হয়েছে। বহু উন্মুক্ত খালকে বদ্ধ দেখিয়ে ইজারা দেয়া হয়েছে। তবে জেলা প্রশাসন থেকে কতগুলো খাল ইজারা অবস্থায় আছে সে তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় কৃষক এবং মৎস্যজীবীদের অভিযোগ, সরকারের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে প্রবাহমান খালকে বদ্ধ দেখিয়ে ইজারা দেয়া হচ্ছে। পরে প্রভাব খাটিয়ে পানিপ্রবাহ বন্ধ করছেন ইজারাদাররা। এতে সরকারি খালে মাছ ধরার সুযোগ হারিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। দীর্ঘদিন ধরে এসব খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন অনেকটা বেকার হয়ে পড়েছেন তারা।
দেবীতলা গ্রামের মো. আব্দুস সালাম বলেন, ‘আগে এই খালে জাল ফেললেই কমবেশি মাছ পাওয়া যেত। এলাকার অনেক পরিবার এই খালের মাছ ধরে সংসার চালাতেন। এখন পাটাতন দিয়ে পানি আটকে রাখায় মাছ চলাচল করতে পারে না, আমরাও মাছ ধরতে পারি না। খাল সরকারি হলেও সাধারণ মানুষের কোনো অধিকার নেই বললেই চলে।’
নেট-পাটাতন ও কচুরিপানায় খালের বড় অংশ প্রায় ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। ছবি: সময় সংবাদ
একই গ্রামের মৎস্যজীবী আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের বাপ-দাদারাও এই খালে মাছ ধরে জীবিকা চালিয়েছেন। এখন ইজারা দেয়ার পর খালে নামতে গেলেই বাধা দেয়া হয়। নেট দিয়ে মাছের চলাচল বন্ধ করা হচ্ছে। এতে শুধু আমাদের আয় কমেনি, এলাকার সাধারণ মানুষও আর আগের মতো মাছ পাচ্ছেন না।’
নেট-পাটাতনে মরছে খাল, কমেছে সেচের সুযোগ
খালের পানিপ্রবাহ বন্ধ থাকায় কৃষকরাও পড়েছেন বিপাকে। শুষ্ক মৌসুমে সেচের পানি ব্যবহার করতে না পারায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। আবার বর্ষায় পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ছে উৎপাদন খরচ।
বটিয়াঘাটা উপজেলার কৃষক মিলন দাস বলেন, ‘আমাদের জমিতে ধান ও সবজি চাষের জন্য খালের জল খুবই প্রয়োজন। কিন্তু খালে পাটাতন দেওয়ায় জল ঠিকমতো চলাচল করতে পারে না। শুকনো মৌসুমে সেচের জল পাওয়া যায় না, আবার বৃষ্টির সময় জল বের হতে না পেরে জমিতে জলাবদ্ধতা তৈরি হয়। এভাবে চলতে থাকলে কৃষিকাজ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। কৃষিকাজের জন্য জল আনতে গেলে যারা ইজারা নিয়েছে, তারা বাধা দেয়। অনেক সময় জল কিনে নিতে হয়। এতে আমাদের খরচ বেড়ে যায়।’
কৃষি বিভাগের হিসাবে, সবশেষ অর্থবছরে জলাবদ্ধতাসহ নানা কারণে খুলনায় অন্তত ১০ হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়নি। কর্মকর্তাদের মতে, খাল ইজারা থেকে পাওয়া রাজস্বের তুলনায় কৃষি ও মৎস্য খাত থেকে আয় হতে পারে প্রায় ১০ গুণ বেশি। এ কারণে বদ্ধ খাল খনন করে উন্মুক্ত করার পাশাপাশি প্রবাহমান খাল ইজারা বন্ধের দাবি জানিয়েছেন তারা।
খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় কৃষকের স্বার্থ দেখি। বিভিন্ন সময় মাঠপর্যায়ে কৃষকের সঙ্গে কথা বলতে গিয়ে এসব সমস্যার কথা জানতে পারি। সরেজমিনে দেখি, শর্ত ভঙ্গ করে নেট-পাটাতন দিয়ে পানির প্রবাহ বন্ধ করে রাখেন স্থানীয়রা। অনেক সময় উন্মুক্ত বা প্রবাহমান খাল বা জলাশয়কে বদ্ধ দেখিয়ে ইজারাও দেয়া হয়। আবার কৃষকদের সেচের জন্য পানি নিতে বাধা দেয়া হয়। বিষয়গুলো আমরা জেলা সমন্বয় সভায় বারবার উত্থাপন করি। আমরা চাই, সব খাল উন্মুক্ত করে দেয়া হোক। যদিও সরকার খাল ইজারা দিয়ে রাজস্ব আদায় করে।’
খালের বিভিন্ন অংশে নেট বসিয়ে মাছের চলাচল নিয়ন্ত্রণ করছেন ইজারাদাররা, অভিযোগ স্থানীয় জেলেদের। ছবি: সময় সংবাদ
তিনি আরও বলেন, ‘আমাদের একটা হিসাব রয়েছে। সে হিসাব অনুযায়ী, সরকার খাল ইজারা দিয়ে যে টাকা রাজস্ব আদায় করে, তার তুলনায় ১০ গুণ, কখনো কখনো তার চেয়েও বেশি টাকা আয় হতে পারে স্থানীয়ভাবে কৃষি ও মৎস্য খাতে। আমরা চাই, সব খাল উন্মুক্ত করে দেয়া হোক।’
সম্প্রতি বিভিন্ন অভিযানে বেশ কিছু খালের নেট-পাটাতন উচ্ছেদ করা হয়েছে জানিয়ে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, ‘সরকারি খালের পানিপ্রবাহ বন্ধ করার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন ইজারা দিই, তখনই শর্ত দেয়া থাকে, পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না, নেট-পাটাতন বসানো যাবে না। তবে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ আমরা পাই। সম্প্রতি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বটিয়াঘাটা ও দিঘলিয়া উপজেলার বেশ কিছু নেট-পাটাতন উচ্ছেদ করেছি। স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধের কোনো সুযোগ নেই। এ ধরনের কোনো অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।’










































