Home আঞ্চলিক নাশকতা ঠেকাতে মহানগরীর পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

নাশকতা ঠেকাতে মহানগরীর পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

7


খবর বিজ্ঞপ্তি।।
সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে খুলনা মহানগরীর পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে মিছিল, টহল ও পাহারার কার্যক্রম শুরু করেন তাঁরা। নগরীর প্রতিটি ওয়ার্ডে দলীয় কমিটির নেতৃত্বে এই পাহারার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মহানগর বিএনপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ১৯টি স্পট চিহ্নিত করে নেতাকর্মীদের নিরাপত্তা ও সতর্কতামূলক দায়িত্ব দেওয়া হয়েছে।


দলীয় দপ্তরের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম টিপু জানিয়েছে, নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা নির্ধারিত এলাকায় অবস্থান করছেন। সন্ধ্যার পর থেকে রাতভর মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন তাঁরা। কোথাও কোনো সন্দেহজনক তৎপরতা, অগ্নিসংযোগ কিংবা নাশকতার চেষ্টা নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনাও রয়েছে। এছাড়া পাহারার বিষয়টি মনিটরিং করছে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলেম তুহিনের নেতৃত্বে গঠিত মনিটরিং সেল।


মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। খুলনা মহানগরীতে যাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নাশকতা ঘটাতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের জানমাল ও নগরীর সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির নেতাকর্মীরা দিন-রাত পাহারার দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সক্রিয় থাকতে বলা হয়েছে। শুধু দলীয় কার্যালয় বা গুরুত্বপূর্ণ সড়ক নয়, পাড়া-মহল্লার অলিগলি ও জনবহুল এলাকাতেও সতর্ক নজর রাখতে হবে। কোনো অপশক্তি যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে পাহারার নামে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।


মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা বলেন, অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মহানগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা। নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ধরনের অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা নাশকতার চেষ্টা হলে তা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
দলীয় নেতারা জানান, মহানগর বিএনপির নির্দেশনায় ১৯টি গুরুত্বপূর্ণ স্পটকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত নেতারা পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখছেন। নগরীর বিভিন্ন প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থাপনাসংলগ্ন এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে সন্ধ্যার পর নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীদের টহল দিতে দেখা যায়। কোথাও কোথাও মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মীদের এমন উপস্থিতিতে নগরজুড়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিএনপি নেতৃবৃন্দের দাবি, তাদের এই উদ্যোগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশোধমূলক কর্মসূচি নয়; বরং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কা মোকাবিলা এবং নগরীর স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সতর্কতামূলক সাংগঠনিক কার্যক্রম। তাঁরা বলেন, খুলনার মানুষ শান্তিতে বসবাস করতে চান। ব্যবসা-বাণিজ্য, যানবাহন চলাচল ও স্বাভাবিক জনজীবন সচল রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।