স্পোর্টস ডেস্ক।।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে লিওনেল মেসির। সংস্থাটির সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে আর্জেন্টিনার সদ্য সাবেক অধিনায়কের দীর্ঘদিনের সুসম্পর্ক এখন বড় সংকটে।
আর্থিক অনিয়মের অভিযোগ ও বিচারিক তদন্তের মধ্যে থাকা এএফএর সঙ্গে নিজের নাম ও ভাবমূর্তির সংশ্লিষ্টতা কমাতে চাইছেন মেসি। আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এ সাংবাদিক নিকোলাস উইনিয়াজকির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এএফএর বর্তমান নেতৃত্বের সঙ্গে মেসির ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ভেঙে পড়েছে। নিজের ভাবমূর্তি রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি এখন আর কেবল ব্যক্তিগত মতপার্থক্যের মধ্যে সীমাবদ্ধ নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইনি পদক্ষেপেও গড়াতে পারে বিরোধ।
মেসি ইতোমধ্যে বিশেষজ্ঞদের সহায়তায় একটি আইনি নোটিশ তৈরির উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে এএফএ ও সংস্থাটির কর্মকর্তাদের বাণিজ্যিক উদ্দেশ্যে তার নাম, ছবি এবং প্রচারসামগ্রী ব্যবহার বন্ধের দাবি জানানো হবে।
আর্থিক অনিয়মের অভিযোগে বাড়ছে দূরত্ব
এএফএর সঙ্গে মেসির সম্পর্কের অবনতির পেছনে রয়েছে সংস্থাটির অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা নানা প্রশ্ন। বিশেষ করে সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অর্থের চূড়ান্ত গন্তব্য আড়াল করতে বিদেশে একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। যে অর্থ আর্জেন্টিনার ক্লাবগুলোর পাওয়ার কথা ছিল, তা নিয়েই উঠেছে এসব প্রশ্ন।
‘ক্লারিন’-কে মেসির পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো অভিযোগের সঙ্গে মেসি নিজের ভাবমূর্তিকে জড়াতে চান না। মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরের আচরণ ও ব্যক্তিত্ব দিয়ে বিশ্বজুড়ে যে সুনাম গড়ে তুলেছেন, তা অক্ষুণ্ন রাখতে চান তিনি।
এই সংকট অবশ্য হঠাৎ তৈরি হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এএফএর নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক স্পনসরদের সঙ্গে বাণিজ্যিক জটিলতায় পড়তে হয়েছে মেসির পরিবারকে। এসব সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে সমন্বয় করা হয়নি।
এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা গত বিশ্বকাপের সময়ের। এএফএর স্পনসর আর্জেন্টিনার একটি ব্র্যান্ডকে মেসির ছবি ব্যবহার করে বড় পরিসরে বিজ্ঞাপন প্রচারের অনুমতি দিয়েছিলেন তাপিয়া। অথচ ওই সময় মেসির সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি ছিল যুক্তরাষ্ট্রের একটি প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের। ফলে আন্তর্জাতিক স্পনসরদের কাছে বিষয়টি ব্যাখ্যা করতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মেসির পরিবারকে।
মেসির নাম-ছবি ব্যবহারে নিষেধাজ্ঞার উদ্যোগ
‘ক্লারিন’-এর প্রতিবেদন অনুযায়ী, মেসির হয়ে বিশেষজ্ঞরা একটি আইনি নথি তৈরি করছেন, যা আনুষ্ঠানিক নোটিশ হিসেবে এএফএর কাছে পাঠানো হতে পারে। এতে তাপিয়া ও সংস্থাটির অন্য কর্মকর্তাদের মেসির নাম, ছবি এবং অডিও-ভিডিও উপকরণ বাণিজ্যিক বা প্রচারণামূলক কাজে ব্যবহার অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হবে।
নোটিশটি পাঠানো হয়েছে কি না, তা নিয়ে প্রতিবেদনে কথা বলা সূত্রগুলোর মধ্যে মতভেদ রয়েছে। কারও দাবি, নোটিশটি ইতোমধ্যে এএফএর কাছে পৌঁছেছে। অন্যদের মতে, এটি তৈরি করা হয়েছে, তবে এখনো পাঠানো হয়নি।
তবে আইনি নথি তৈরির বিষয়টিই মেসি ও এএফএর বর্তমান নেতৃত্বের সম্পর্কের টানাপোড়েনের গভীরতা তুলে ধরছে। অথচ দীর্ঘদিন ধরেই দুপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
এএফএর সঙ্গে বিরোধের ছাপ পড়েছে আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ আয়োজনেও। বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে আয়োজিত ওই ম্যাচের ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয় অসন্তোষ। শব্দ ও আলোকসজ্জার সমস্যা এবং আনুষঙ্গিক আয়োজনের ত্রুটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এমনকি ড্রোন শোতে মেসিকে ডান পায়ে বল মারতে দেখা যায়, যদিও তিনি বাঁ পায়ের খেলোয়াড়।
আয়োজনের কিছু ত্রুটির দায় রিভার প্লেটের ওপর চাপানোর চেষ্টা করেছিল এএফএ। তবে ক্লাবটির কর্মকর্তারা সেই দাবি অস্বীকার করেন। এদিকে রিভার প্লেটের সভাপতি স্তেফানো দি কার্লোর সঙ্গে সাক্ষাৎ করেন মেসি। তিনি মেসিকে ক্লাবের সম্মানসূচক সদস্যপদ দেন। নিজের জাতীয় দলের হয়ে পরা শেষ জার্সিটিও ক্লাবের জাদুঘরে প্রদর্শনের জন্য উপহার দেন মেসি।
এসব বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি মেসি কিংবা তাপিয়া। তবে ‘ক্লারিন’-এর প্রতিবেদন বলছে, দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এখন জটিল এক পর্যায়ে পৌঁছেছে। এএফএকে ঘিরে ওঠা অভিযোগের প্রভাব থেকে নিজের নাম ও ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান নিতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক।











































