Home আঞ্চলিক কেএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘ফেসবুক সাংবাদিকদের’ দৌরাত্ম্য

কেএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘ফেসবুক সাংবাদিকদের’ দৌরাত্ম্য

3


স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরীতে অনুমোদনহীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার রোধে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কঠোর গণবিজ্ঞপ্তি জারি করলেও থামেনি তথাকথিত ‘ফেসবুক সাংবাদিকদের’ অপতৎপরতা। এমনকি খোদ ওইসব ভুয়া ও অনুমোদনহীন পেজ থেকেই কেএমপির জারি করা গণবিজ্ঞপ্তিটি প্রচার করতে দেখা গেছে, যা নিয়ে নগরীর সচেতন মহল ও মূলধারার সংবাদকর্মীদের মধ্যে হাস্যরস ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রমতে, কেবল ভুয়া পরিচয়ে চাঁদাবাজিই নয়, বরং এসব অপেশাদার সংবাদকর্মী ও পেজ পরিচালকদের কর্মকাণ্ড এখন নগরীর নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তুলে জানানো হয়েছে, কিছু অপেশাদার গণমাধ্যমকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর গোপন ও বিশেষ অভিযানের খবর তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ বা পোস্টের মাধ্যমে আগাম প্রচার করে দিচ্ছেন। এর ফলে অভিযানের খবর আগেই পেয়ে শীর্ষ সন্ত্রাসী ও অপরাধীরা সতর্ক হয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে এবং পুলিশের অভিযান ব্যাহত হচ্ছে।


পাশাপাশি, নামসর্বস্ব পোর্টাল ও ফেসবুক পেজ পরিচালনাকারী কতিপয় সংবাদকর্মীর সাথে খুলনার শীর্ষ সন্ত্রাসী ও অপরাধী চক্রের সরাসরি সম্পৃক্ততার বিষয়টিও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। মূলধারার সাংবাদিকতার আড়ালে থেকে এই চক্রটি সন্ত্রাসীদের তথ্য সরবরাহ ও সুরক্ষা দেওয়ার কাজ করছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।


উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) কেএমপি কমিশনার স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন ব্যতীত অনুমোদনহীন পোর্টাল, নামসর্বস্ব পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুয়া পরিচয় দেওয়া, চাঁদাবাজি এবং গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু প্রশাসনের এই কঠোর বার্তার পরও ফেসবুকভিত্তিক ভুয়া সংবাদকর্মীদের দৌরাত্ম্য অব্যাহত থাকায় তাদের বিরুদ্ধে অবিলম্বে সাঁড়াশি অভিযান ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নগরবাসী ও পেশাদার সাংবাদিকরা।