Home Lead খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

1

স্টাফ রিপোর্টার।।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামীকাল বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে খুলনা থেকে ঢাকাগামী সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুরের পর থেকে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’, ইমাদ পরিবহন, দোলা, এনাসহ সব পরিবহন চলাচল বন্ধ রাখা হয়। ফলে আগেভাগেই টিকিট কেটে রাখা যাত্রীরা কাউন্টারে এসে ভোগান্তিতে পড়েন।

জানতে চাইলে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেসের’ দৌলতপুর কাউন্টারের ম্যানেজার নাঈম হোসেন বলেন, লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা আটক করা হচ্ছে। ফলে নিরাপত্তার কারণে মালিকপক্ষ আজ বুধবার বেলা ১টার পর থেকে বাস চলাচল বন্ধ করার নির্দেশ দেয়। ফলে মাওয়া রুটে সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে মাওয়া রুটে পুনরায় চলাচল করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

‘টুঙ্গিপাড়া এক্সপ্রেসের’ নতুন রাস্তার মোড় কাউন্টারে যোগাযোগ করা হলে স্টাফ রামু জানান, দুপুরের পর থেকে ওই কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। তবে এই কাউন্টারের সোনাডাঙ্গা বাস টার্মিনালস্থ প্রধান অফিসে ফোন দেওয়া হলে তারা কেউ ফোন ধরেননি।

এদিকে আগেভাগেই যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁরা কাউন্টারে এসে বাস চলাচল বন্ধের খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চল থেকে পরিবার-পরিজন নিয়ে এসে শোনেন বাস বন্ধ। তাঁরা এক ধরনের ভোগান্তিতে পড়েন।সংবাদ বিশ্লেষণ

আজ সন্ধ্যায় সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে এই ভোগান্তির দৃশ্য পরিলক্ষিত হয়।

জরুরি কাজে ঢাকায় যাবেন উন্নয়নকর্মী রাশিদুল ইসলাম। তিনি কয়রা উপজেলা থেকে এসেছেন। তিনি বলেন, বাস বন্ধের খবর আগে জানালে অন্য ব্যবস্থা করতাম। এখন চেষ্টা করে দেখব যশোর রুট হয়ে যাওয়া যায় কি না।