গোপালগঞ্জ প্রতিনিধি ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আসামি গ্রেপ্তার করাকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা থানা থেকে আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুট করা হয়েছে।
এছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির নেতা এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সড়কে বিভিন্নস্থানে ব্যারিকেট দিয়ে অগ্নিসংযোগ করার খবর পাওয়া যাচ্ছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনতে চায়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন ধরিয়ে দেয়। পরে লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুটে নেয়।
পুলিশ তাদের মোকাবেলা করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও রবার বুলেট নিক্ষেপ করে। এ সব করে পুলিশ তাদের সঙ্গে পেরে না উঠে থানা ছেড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আহত হয়েছে। তারা টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়া যাওয়ার পথে নিলফা বাজার নামকস্থানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা গাছের গুড়ি ফেলে ব্যারিকেট দেয়। এ সময় তারা আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে।
এছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেট সৃষ্টি করার কোথাও ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিভাতে যেতে পারেনি।
রাতে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতা চলাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।










































