ঢাকা অফিস।।
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
এর আগে মন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়। অপর ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। রোববার বিকেল পাঁচটার দিকে তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন চিকিৎসকেরা।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি সমকালকে এ তথ্য নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এনজিওপ্লাস্টির পর মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন।











































