অনলাইন ডেস্ক।।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর দেশটির কয়েকজন মুসলিম নাগরিক আটক ও দেশান্তরের শিকার হয়েছেন। তাদের কারও কারও পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও তাদের নিজেদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ভারতে নাগরিকত্ব হারানোর আতঙ্ক তৈরি হয়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়ে আর ফেরেননি ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাইয়ের ওই ঘটনার তিন মাসের বেশি সময় পর তিনি এখন বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে। স্বামী ও দুই ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটছে তার।
সাহিদার ভাষ্য, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাকে আটক করেন। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ফোনে তার পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল। পরে তাকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়। আদালতের নথি অনুযায়ী, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও পুলিশ বিভাগ সাড়া দেয়নি।
সাতক্ষীরায় রয়টার্সকে সাহিদা বলেন, পেছন থেকে কেউ তার হাত ধরে গাড়িতে উঠতে নির্দেশ দিয়েছিলেন।
ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, আটক কিংবা দেশান্তরের শিকার হয়েছেন- এমন ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে রয়টার্স। তাদের সবার কাছেই ভারতের পরিচয়পত্র বা পারিবারিক নথি ছিল। তাদের বাবা-মা, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যদের নামও ভোটার তালিকায় রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভোটার তালিকা সংশোধনের বড় উদ্যোগটি অবৈধ অভিবাসী শনাক্ত ও তাদের দেশ থেকে বের করে দেওয়ার পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। অথচ ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া মানেই তিনি বিদেশি নাগরিক, এমন নয়।
ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে সবচেয়ে বড় সংখ্যক নাম বাদ দেওয়ার এ উদ্যোগে দেশজুড়ে ১৩ কোটি নাম বাদ পড়েছে। উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, বাদ পড়াদের মধ্যে মুসলমানদের অনুপাত তুলনামূলক বেশি। ভারতের বৃহত্তম সংখ্যালঘু এই সম্প্রদায় ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে বলে অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো।
ভোটার তালিকা সংশোধনের এ উদ্যোগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিজেপির বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য ভোটার তালিকা বদলে দেওয়ার অভিযোগও উঠেছে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ সবচেয়ে ব্যাপকভাবে চালানো হয়েছে। চলতি বছরের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিস্তারিত যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলমানদের। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলমান।
নির্বাচনে জয় পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি। সাবার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, নির্বাচনে সরকারবিরোধী মনোভাবের প্রভাব অস্বীকার করা যায় না। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনাও ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।
ভোটার তালিকা ও দেশান্তরের যোগসূত্র
গত ৫ নভেম্বর হরিয়ানায় এক নির্বাচনী সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা সংশোধন ও অবৈধ অভিবাসী বহিষ্কারের বিষয় দুটি একসূত্রে যুক্ত করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এরপর একজন একজন করে তাদের দেশ থেকে বের করে দেওয়া বিজেপির অঙ্গীকার।
পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে অভিযান নিয়ে উদ্বেগ রয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের সময় ব্রিটিশদের টানা সীমান্তরেখায় বাংলা দুই ভাগে বিভক্ত হয়। দেশভাগের সময় এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে যাতায়াত করেন। এতে অনেক পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন দুই দেশের ভূখণ্ডে ছড়িয়ে পড়েন।
এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা কোনো মন্তব্য করেনি।
আদালতে লড়াই
সাহিদা ফকিরের দাবি, রাত একটার দিকে তাকে সীমান্তের একটি জনমানবহীন ও বেড়াবিহীন অংশ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। শরীরে কাদা মেখে কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাকে কাঁদতে দেখেন। পরে ওই কৃষক তাকে আশ্রয় দেন।
মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে তাকে বাংলাদেশে পাঠানো হয়। ওই অভিযানে সাহিদাসহ ১৪৯ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে দেশান্তর করা হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তারা সাড়া দেয়নি।
সাহিদা বলেন, তাকে বাংলাদেশে পাঠানো হবে, তা তিনি কখনো কল্পনাও করেননি। তার বাড়ি, দাদা-দাদি এবং পরিবারের শিকড় ভারতে।
এখন স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আদালতে লড়ছেন তার স্বামী জুম্মান। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে করা অসংখ্য আবেদনের পাশাপাশি সাহিদার পরিবারও গত আগস্টে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করে। আবেদনে বলা হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া দিয়ে নাগরিকত্ব নির্ধারণ করা যায় না। যথাযথ যাচাই ছাড়া প্রশাসনের দাবির ভিত্তিতে তাকে দেশ থেকে বের করে দেওয়াও আইনসম্মত নয়।
রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিতে দেখা গেছে, ভারতের ১৯৫২ সালের প্রথম জাতীয় নির্বাচন থেকেই সাহিদার বাবা-মা ও দাদা-দাদির নাম পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার তালিকায় ছিল। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে। সাম্প্রতিক সংশোধনে অতিরিক্ত নথি জমা না দিয়ে ভোটার তালিকায় থাকার যোগ্যতা নির্ধারণে ওই সময়ের তালিকাকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল বলে তার ভোটার পরিচয়পত্রে দেখা গেছে।
তবে মুম্বাইয়ের বিদেশি নিবন্ধন দপ্তর কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের পক্ষে গ্রহণযোগ্য নথি দিতে পারেননি। সাহিদা এ দাবি অস্বীকার করেছেন। তার অভিযোগ, মোবাইল ফোন কেড়ে নেওয়ায় সেখানে থাকা নথির কপি দেখানোর সুযোগ পাননি। ভারতের আইনে নাগরিকদের সব সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়।
‘ভোটার তালিকায় নাম নেই, আপনি বাংলাদেশি’
কলকাতা হাইকোর্টে করা আরেকটি আবেদনে বাসনপত্র বিক্রেতা নাসিরউদ্দিন শেখ ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ার পর আটক করা হয়েছিল। অথচ নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের আপিল তখন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।
নাসিরউদ্দিনের ভাষ্য, বাড়ি থেকে কয়েক শ কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকেসহ আরও ২২ জনকে আটক করে। ১৪ দিন পর সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়া যাওয়ায় তাদের ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে তালিকায় নাম না থাকায় নাসিরউদ্দিনসহ চারজনকে ৩২ দিন আটক থাকতে হয়।
নাসিরউদ্দিন বলেন, এক পুলিশ সদস্য তাকে বলেছিলেন, ‘ভোটার তালিকায় আপনার নাম নেই। আপনি বাংলাদেশি।’
আদালতে শুনানির আগের রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককেন্দ্রে ৬০ জনের বেশি মানুষের থাকার মতো বিছানাসহ বড় একটি হলঘর ছিল বলে জানান তিনি। আটকের আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করা হয়।
নাসিরউদ্দিনের ভাষ্য, ‘ওটা সব অর্থেই কারাগার ছিল। আমরা বাইরে যেতে পারতাম না।’
পশ্চিমবঙ্গে স্থায়ী কোনো বন্দিশিবির নেই বলে কলকাতা হাইকোর্টকে জানিয়েছে পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা। তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য একটি অস্থায়ী কেন্দ্রে রয়টার্সের সাংবাদিকেরা ভেতরে কাপড় শুকাতে দেওয়া এবং জানালা দিয়ে কয়েকজনকে উঁকি দিতে দেখেছেন। কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই চত্বরে একটি অ্যাম্বুলেন্স ও ঢেকে রাখা পুলিশের বাসও ছিল।
কেন্দ্রটির বিপরীতে বসবাসকারী মোসামি রায় বলেন, দুই মাস আগে সেখানে লোকজনকে আনা হয়েছিল। তাদের পরিবারের সদস্যদের বাইরে কাঁদতে দেখেছেন তিনি।
মানবাধিকারকর্মী কিরিটি রায় বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় লাখ লাখ মামলা হয়েছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছে। ট্রাইব্যুনালগুলো ধীরগতিতে কাজ করছে। পরিস্থিতি নিয়ে তারা হতাশ।
সূত্র: রয়টার্স











































