Home আঞ্চলিক চিত্রা নদীতে মাটি কাটার মহোৎসব, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

চিত্রা নদীতে মাটি কাটার মহোৎসব, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

0


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে চিত্রা নদী থেকে মাটি কাটার মহোৎসব চলছে। দিনের আলো নিভতেই বসানো হচ্ছে দানবীয় এক্সক্যাভেটর (ভেকু)। গভীর রাত পর্যন্ত উপজেলার তত্তিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়াসহ বেশ কয়েকটি গ্রামের নদীতীর ঘেঁষে অবাধে মাটি কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল। এমন অভিযোগের কথাই জানিয়েছেন স্থানীয়রা।

উত্তোলিত এসব মাটি ডাম্প ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। স্থানীয়রা জানান, গভীর রাতে ভারী যানবাহনের বিকট শব্দে ঘুম হারাম হয়ে গেছে তাদের। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও মিলছে না কোনো প্রতিকার। উল্টো স্থানীয়দের অভিযোগ– প্রশাসনকে ম্যানেজ করেই নদী খুবলে খাওয়ার এই উৎসব চালাচ্ছে প্রভাবশালী চক্র।

নাম প্রকাশে অনিচ্ছুক মালিয়াট ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় এই মাটি ব্যবসা চলছে। ওই চক্রের অন্যতম সদস্য জামাল বিশ্বাস নামের এক ব্যক্তি স্থানীয় একটি ইটভাটায় দুই শতাধিক ট্রাক্টর মাটি বিক্রি করেছেন। অভিযোগ রয়েছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে যাওয়া একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীসহ এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরাও এই চক্রের সঙ্গে সরাসরি জড়িত। এদের মধ্যে হোসেন মুন্সী, আবদুল মজিদ, সাজ্জাদ, বাবু, মাসুদ রানা, সোহান, জাকির হোসেন এবং এক নারী ইউপি সদস্যের ছেলে নাজমুলের নাম উঠে এসেছে।রাজনৈতিক খবর পড়ুন

তবে মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন আলী মুন্সী সাংবাদিকদের জানান, তিনি শিক্ষকতা পেশায় যুক্ত এবং এসব মাটি ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।


অপর সম্ভাব্য প্রার্থী আবদুল মজিদ দাবি করেন, তিনি কখনোই মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। এমন কোনো কাজে তাঁর জড়িত থাকার প্রশ্নই ওঠে না। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সে জন্য একটি চক্র তাঁর সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়টি স্বীকার করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, রাতে নদী থেকে মাটি কাটার বিষয়ে তিনি জেনেছেন। তবে পর্যাপ্ত জনবল না থাকায় রাতের বেলা সরাসরি গিয়ে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। বিষয়টি জেলা সমন্বয় সভায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানায় নির্দেশ দেওয়া হয়েছে। দিনের বেলায় কেউ মাটি কাটলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।