Home আঞ্চলিক কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

2


সাতক্ষীরা প্রতিনিধি।।


সাতক্ষীরায় কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। প্রতিদিন দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং অস্বাস্থ্যকর পরিবেশে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ের দোতলা ভবনের পেছনের খোলা জায়গাজুড়ে পলিথিন, প্লাস্টিকের মোড়ক, খাবারের উচ্ছিষ্ট, ছেঁড়া বস্তা, কাগজ ও নানা ধরনের পচনশীল বর্জ্য স্তূপ হয়ে আছে। কিছু জায়গায় ময়লা পোড়ানোর চিহ্নও রয়েছে। ভবনের জানালার খুব কাছেই এই আবর্জনার স্তূপ থাকায় দুর্গন্ধ সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করছে।

বর্তমানে দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঘটছে। ডেঙ্গু মোকাবিলায় পৌরসভা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে থাকে। তবে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিদ্যালয়ের পেছনের ভাগাড়টি এখনো পরিচ্ছন্নতা অভিযানের বাইরেই রয়ে গেছে।

অভিযোগ রয়েছে, ময়লার স্তূপ অপসারণ ও এলাকা পরিষ্কারে পৌর পরিচ্ছন্নতা কর্মীরা কোনো উদ্যোগ নিচ্ছেন না। পৌরসভার পরিচ্ছন্নতা কাজ দেখভালের দায়িত্বে থাকা নাজমুল ইসলামকে বিষয়টি স্কুলের পক্ষ থেকে জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি বলে জানা যায়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু বলেন, দুর্গন্ধ ও মশা-মাছির কারণে স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এর আগে আমরা একাধিকবার পৌর কর্তৃপক্ষকে এ ময়লা আবর্জনার স্তূপ-এর বিষয়ে জানিয়েও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই, প্রতিদিনের পরিচ্ছন্নতার অংশ হিসেবে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করুক। বিষয়টি নিরসনে আমরা পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।