Home খেলাধুলা মেয়ের জন্মদিনে সেঞ্চুরি উপহার দিলেন লিটন

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি উপহার দিলেন লিটন

0

স্পোর্টস ডেস্ক।।

মেয়ের তৃতীয় জন্মদিনে ব্যাট হাতে দারুণ এক উপহার দিলেন লিটন দাস। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়ে তা উৎসর্গ করেছেন মেয়ে আনায়ারাকে। তবে দুর্দান্ত ইনিংসটি বড় করতে পারেননি বেশিক্ষণ। ১২০ রান করে সাজঘরে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার।

প্রথম দিন শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনকে পুল করে চার মেরে টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক পূর্ণ করেন তিনি। সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পাশাপাশি পকেট থেকে বের করেন একটি কাগজ। তাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য…।’ এরপর ১২০ রানে থামে লিটনের ইনিংস। ১৭৯ বলের মোকাবিলায় ১৪টি চার ও একটি ছক্কা মেরে ড্যান প্যাটারসনের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দেন তিনি। মিডউইকেটে দাঁড়িয়ে সহজ ক্যাচটি লুফে নেন মুল্ডার।

লিটনের এই সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেটে আরেকটি মাইলফলকও। উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্টে তার সেঞ্চুরি এখন সাতটি। এই তালিকায় এত দিন ছয়টি শতক নিয়ে বাংলাদেশের হয়ে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম। সব মিলিয়ে টেস্টে লিটনের শতকের সংখ্যা আট। বিশ্ব ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটার হিসেবে লিটনের চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে চারজনের। অ্যাডাম গিলক্রিস্টের ১৭, অ্যান্ডি ফ্লাওয়ারের ১২ এবং লিস অ্যামিস ও ঋষভ পান্তের আটটি করে সেঞ্চুরি রয়েছে।

প্রথম দিন ২২ রানে ৩ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয় ও লিটন মিলে ২০৬ রানের জুটি গড়েছিলেন। হৃদয় ১৩৭ রান করে দিনের শেষ বলে আউট হন। দ্বিতীয় দিনে লিটনের সেঞ্চুরির পর মেহেদী হাসান মিরাজও ১০ রান করে ফিরেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৭০ রান।