স্পোর্টস ডেস্ক।।
ফিফার সভাপতি বদলালেই কি বদলাবে বিশ্ব ফুটবলের চেহারা? আসন্ন নির্বাচনকে সামনে রেখে এমন প্রশ্ন হয়তো উঠতো না। যদি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার মালিকানা বেসরকারি বিনিয়োগকারিদের কাছে বিক্রির প্রস্তাব না দিতেন।
সেই প্রস্তাব থেকে সরে আসলেও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে এখন জোরেশোরে প্রশ্ন উঠছে। এমন বিতর্কে যেন নতুন মাত্রা যোগ করলেন জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ। ইনফান্তিনো সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন তিনি। শুধু সমালোচনাই নয়, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে পরিবর্তনেরও দাবি জানিয়েছেন জার্মান কোচ।
ক্লপের মতে, ইনফান্তিনোর জায়গায় অন্য কেউ দায়িত্ব নিলে ফিফার জন্য ভালো হবে। জার্মান কোচ বলেন, ‘আমি ভাবতাম, সেপ ব্ল্যাটারের পর পরিস্থিতি আর খারাপ হতে পারে না। কিন্তু কেউ একজন সেটাও করে দেখিয়েছেন।’
দুর্নীতির অভিযোগের মুখে ২০১৫ সালে ফিফা সভাপতির পদ ছাড়েন ব্ল্যাটার।
পরের বছর দায়িত্ব নেন ইনফান্তিনো। আগামী মার্চে আবারও নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তার। তবে সম্প্রতি ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব বাতিলের পর চাপের মুখে পড়েছেন তিনি। প্রস্তাবটিতে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল।
এ নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমাও চেয়েছেন ইনফান্তিনো।
তাতেও সমালোচনা থেকে মুক্তি পাননি তিনি। তাই তার নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। উয়েফা তো তার অন্যতম কঠোর সমালোচক। এফএফই-সংক্রান্ত নথি প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের তিনটি আদালতে আবেদন করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ক্লপ বলেন, ‘পরিবর্তন আনলে সেটি যে ভালো হবে, এ বিষয়ে এখন অধিকাংশ মানুষই একমত। ইনফান্তিনোর পর যিনি আসবেন, তিনি নিশ্চয়ই আরও ভালো কাজ করতে পারবেন।’
ফিফার পরবর্তী নির্বাচনে প্রার্থী হওয়ার সময়সীমা বুধবার শেষ হচ্ছে। আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার শেষ পর্যন্ত নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা ও সাবেক টটেনহাম ডিফেন্ডার রামন ভেগা প্রার্থী হওয়ার আগ্রহ জানিয়েছেন।
লিভারপুলের সাবেক কোচ ক্লপের প্রত্যাশা, ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সত্যিকার অর্থে চিন্তা করেন, এমন কেউ ফিফার নেতৃত্বে আসবেন। তার ভাষায়, ‘যাঁরা আর্থিক স্বার্থের পেছনে ছোটেন না, বরং ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তাদের কেউ সভাপতি হলে সেটিই হবে ফুটবলের বড় উন্নতি।’











































