Home আঞ্চলিক সংযোগ সড়ক নেই, কাজে আসছে না ১৬ কোটি টাকার সেতু

সংযোগ সড়ক নেই, কাজে আসছে না ১৬ কোটি টাকার সেতু

2


খুলনাঞ্চল রিপোর্ট।।

১৬ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে দুই বছর ধরে অব্যবহৃত পড়ে আছে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর নির্মিত সেতু। একপাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি কাজে আসছে না স্থানীয়দের। এতে বাধ্য হয়ে পাশের পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছেন দুই উপজেলার মানুষ ও যানবাহন। জমি অধিগ্রহণের ধীরগতিতে আটকে আছে সংযোগ সড়কের কাজ, বাড়ছে স্থানীয়দের ক্ষোভ।

সরজমিনে দেখা গেছে, সেতুর মূল অবকাঠামো এবং উত্তর পাশের মাগুরা অংশের সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে। তবে দক্ষিণ পাশের আড়পাড়া বাজার অংশে জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের নির্মাণকাজ থমকে আছে। ফলে নতুন সেতুটি অব্যবহৃত পড়ে রয়েছে। পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন জেলা ও দূরপাল্লার হাজারো যানবাহন চলাচল করছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের মার্চে ফটকি নদীর ওপর সেতুটির নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু ও মাগুরা সদর অংশের সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হয় ২০২৪ সালে। কিন্তু শালিখা উপজেলার আড়পাড়া বাজার অংশের জমি এখনো অধিগ্রহণ করা সম্ভব হয়নি। ফলে সেতুর দক্ষিণ পাশে ২৩৫ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা যাচ্ছে না।

এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন মাগুরা-যশোর এবং ঢাকা-খুলনাগামী অসংখ্য দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ শত শত ভারী ও মাঝারি যানবাহন চলাচল করে। নতুন সেতু চালু না হওয়ায় পুরোনো সেতু দিয়ে এসব যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

সেতুর দক্ষিণ পাশে আড়পাড়া বাজারের মুদি দোকানদার অলোক রায় বলেন, আমার ২ শতাংশ জমি সেতুর সংযোগ সড়কের মধ্যে পড়ছে। সেতু নির্মাণের জন্য সরকার জমি অধিগ্রহণ করলে ন্যায্যমূল্য পেলে আমার কোনো আপত্তি থাকবে না।

মাগুরা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সেতুর মূল অংশের নির্মাণকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। তবে স্থানীয় প্রশাসন আড়পাড়া অংশের জমি অধিগ্রহণ করে বুঝিয়ে না দেওয়ায় সংযোগ সড়কের নির্মাণকাজ করা সম্ভব হয়নি।

মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, সেতুর মূল অবকাঠামো ও মাগুরা অংশের সংযোগ সড়ক ইতোমধ্যে প্রস্তুত। আড়পাড়া অংশের জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলে সংযোগ সড়ক নির্মাণ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।