Home আঞ্চলিক গদখালীতে শত কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের

গদখালীতে শত কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের

0


ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।।


প্রকৃতিতে শীতের আগমনী বার্তায় এরইমধ্যে শুরু হয়ে গেছে বেচাকেনা। বাজারে উঠেছে রং-বেরঙের ফুল। ফুলের রাজধানীখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলচাষিদের মাঝে এখন ব্যাপক কর্মব্যস্ততা।

এই অঞ্চলে বছরজুড়ে ফুলচাষ হলেও ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পাঁচ মাস ফুলের মূল মৌসুম। বিশেষ করে বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান ঘিরে ফুলের চাহিদা বাড়ায় চলতি মৌসুমে শত কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন এই অঞ্চলের ফুলচাষিরা।

সরেজমিন দেখা যায়, গদখালী অঞ্চলে বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ মাঠে শুধু ফুল আর ফুল। প্রতিদিন কাকডাকা ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজারে পানিসারা, নবীবনগর, হাড়িয়া, পটুয়াপাড়া, টাওরা, শরীফপুর এলাকার চাষিরা হরেক রকম ফুলের পসরা নিয়ে বসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা এখান থেকে ফুল কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান।

গদখালী ফুলের বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস গোলাপ ৪ থেকে ৬ টাকা,গ্লাডিওলাস ১০ থেকে ১৮ টাকা, জারবেরা ৮ থেকে ১৫ টাকা, রজনীগন্ধা ৩ থেকে ৫ টাকা, ১০০ পিস চন্দ্রমল্লিকা ৪০০ টাকা, এক হাজার গাঁদা ফুল ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুল বাঁধাইয়ের জন্য কামিনীর প্রতি আঁটি পাতার দাম ৫৫ টাকা, জিপসির আঁটি ১০০ টাকা। ১০০টি চন্দ্রমল্লিকার ৩৫০ থেকে ৪০০ টাকা, ১০০০ হাজার গাঁদার দাম ৪০০ থেকে ৪৫০ টাকা, রড স্টিক প্রতি বান্ডিল ২০০ টাকা। চাহিদা অনুসারে ও উৎপাদনের ওপর নির্ভর করে দাম ওঠা-নামা করে।

স্থানীয় ফুলচাষিদের মতে, ফুলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবহন সুবিধা বাড়ানো গেলে এ অঞ্চলের ফুলের বাজার আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি ফুলের বাজারে স্থায়ী অবকাঠামো ও আধুনিক বিপণনব্যবস্থা গড়ে তোলা গেলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন।

পটুয়াপাড়া গ্রামের ফুলচাষি আলী হোসেন জানান, তিনি দেড় বিঘা জমিতে চায়না গোলাপ ফুলের চাষ করেছেন। চারা রোপণ থেকে গাছে ফুল আসা পর্যন্ত দেড় বিঘায় তার খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। খরচ বাদে তার এ বছর প্রায় দুই থেকে তিন লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।

ফুলচাষি রেজাউল ইসলাম বলেন, ফুল চাষ করেই আমাদের মতো অনেক কৃষকের সংসার চলে। সারা বছরই বিভিন্ন ধরনের ফুল চাষ করি। বিশেষ দিন ও উৎসবকে কেন্দ্র করে ফুলের চাহিদা বেড়ে যায়। তখন ভালো দাম পাওয়া গেলে কৃষকের মুখে হাসি ফোটে। তবে উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ন্যায্যমূল্য পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সহসভাপতি মাসুদ রানা বাবু বলেন, ফুল চাষকে কেন্দ্র করে গদখালী অঞ্চলে গড়ে উঠেছে ব্যাপক কর্মসংস্থান। কৃষক, শ্রমিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবিকা নির্ভর করছে এ ফুল শিল্পের ওপর। তাই শতকোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা শুধু কৃষক দের নয়, এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতির জন্যও নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, চলতি মৌসুমে ঝিকরগাছা উপজেলায় ৫৭১ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। মৌসুমের শুরু থেকেই ফুলের বাজার ধরতে চাষিরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন। ফুল চাষের ক্ষেত্রে ছত্রাকসহ যে ধরনের রোগ-বালাইয়ের সমস্যা দেখা দেয়, তার জন্য সবসময়ই তারা কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। বাজার পরিস্থিতিও ভালো। আশা করা হচ্ছে, গদখালির চাষিরা এই মৌসুমে যথেষ্ট লাভবান হতে পারবেন।