মিলি রহমান।।
রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হৃদরোগ, হৃদরোগজনিত জটিলতা এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে হৃদযন্ত্র ও রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখতে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। অনেকেই রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে চিকিৎসকের পরামর্শে ওষুধ খান। চাইলে কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। সেক্ষেত্রে নিয়মিত ওটমিল খেলে উপকার পাওয়া যায়। এছাড়াও কিছু ভেষজ চা কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। যেমন-
আদা চা
অনেকেই বদহজম বা বমিভাব দূর করার জন্য আদা চা খান। জনপ্রিয় এই ভেষজ চা খারাপ কোলেস্টেরল কমাতেও দারুণ কার্যকর। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি (এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
হলুদ চা
হলুদও খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকর। পেশি বা গাঁটে ব্যথা ও ফোলাভাব অনুভব করলে এক কাপ সদ্য তৈরি হলুদের চা পান করতে পারেন।
জবা ফুলের চা
জবা ফুলও ক্ষতিকর কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই করতে দারুণ কার্যকর। এক কাপ জবা ফুলের চা পান করলে তা শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না। বিশেষজ্ঞদের মতে, জবা ফুলের চা শরীরে এইচডিএল বা ‘ভালো’কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
তুলসী চা
আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার প্রতিকার ও প্রতিরোধে ব্যবহৃত হয় তুলসি চা। এর মধ্যে রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমানো অন্যতম। তাই প্রতিদিন ওটমিল খেয়ে বিরক্ত হয়ে থাকলে, মাঝে মাঝে এক কাপ তুলসী চা পান করে দেখতে পারেন।
মেথি চা
আপনি যদি শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে চান, তবে আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় মেথি চা অন্তর্ভুক্ত করতে পারেন। এই ভেষজ চা অত্যন্ত কার্যকর, কারণ এটি খাবার থেকে ক্ষতিকর কোলেস্টেরল শরীরে শোষিত হতে বাধা দেয় বলে মনে করা হয়।
শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কার্যকরভাবে কমাতে চাইলে, এই চাগুলো পান করার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং নিয়মিত শরীরচর্চা করুন।
সূত্র : হেলদিবিল্ডার্জড











































