Home Lead দৈনিক খুলনাঞ্চল জনমানুষের মুখপত্র হয়ে উঠবে-আশাবাদ ডিআইজি রেজাউল করিমের

দৈনিক খুলনাঞ্চল জনমানুষের মুখপত্র হয়ে উঠবে-আশাবাদ ডিআইজি রেজাউল করিমের

5


স্টাফ রিপোর্টার।।


দৈনিক খুলনাঞ্চল দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে জনমানুষের মুখপত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম।


পত্রিকাটির গৌরবময় একযুগে পদার্পণ উপলক্ষে রবিবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর তারেরপুকুরস্থ দৈনিক খুলনাঞ্চল কার্যালয় পরিদর্শনে এসে তিনি এ প্রত্যাশার কথা জানান। এ সময় ডিআইজি মো. রেজাউল করিম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রতিষ্ঠার একযুগ পূর্তিতে পত্রিকার সাফল্যে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগ সাহসিকতার সঙ্গে তুলে ধরার মাধ্যমে দৈনিক খুলনাঞ্চল সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।


তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দৈনিক খুলনাঞ্চল আগামী দিনে আরও সাফল্যের উচ্চতায় পৌঁছাবে। গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের কথা বলা, সমাজের অসংগতি তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষায় ভূমিকা রাখাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পত্রিকাটি তার দায়িত্বশীল অবস্থান ধরে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ সময় তিনি দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক, সংবাদকর্মী, প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল কলাকুশলীর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল, কৌশিক দে, রকিবুল ইসলাম মতি, সৈয়দ হুমায়ুন কবীর রানা, শাহ জালাল মোল্লা মিলন, জাহিদুর রহমান, শাহ তানভীর আহমেদ সোহেল রানাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।