স্টাফ রিপোর্টার।।
খুলনায় একের পর এক সহিংস ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নগরীর ডিআইজি মাঠ এলাকায় দুই বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মানচিত্রদেখুন
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আনিছুর রহমানের ছেলে মো. ইয়াছিন (১৮) এবং আফজাল হোসেনের ছেলে মিনারুল (১৭)। তারা দুজন বন্ধু। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে মিনারুলের শারীরিক অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। মানচিত্রদেখুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইয়াছিন ও মিনারুল হেঁটে ডিআইজি মাঠ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। এতে মিনারুলের দুই পা ও বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়। ইয়াছিনের ডান হাতের কব্জিও গুরুতর জখম হয়। ঘড়িকিনুন
তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এদিকে বৃহস্পতিবার রাতেই বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এর একদিনের ব্যবধানে নগরীতে আবারও এমন সহিংস হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































