স্পোর্টস ডেস্ক।।
ঘুরে দাঁড়াতে সময় নিল না বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারলেও ইমার্জিং নেশন্স টুর্নামেন্টের ফিরতি ম্যাচেই দাপুটে জয় পেয়েছেন সোবহানা মোস্তারি-দিলারা আক্তাররা।
জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের দিনে নিয়মিত অধিনায়ক নাহিদা আক্তারকে পায়নি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আঙুলে চোট পাওয়ায় ছিলেন না বাঁহাতি স্পিনার।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ।
ওপেনিংয়ে ১০৪ রানের জুটি গড়েন দুই ওপেনার সাথি রানী ও দিলারা আক্তার। জয়ের জন্য যখন ২৮ রানের প্রয়োজন ঠিক তখনি ব্যক্তিগত ৪৫ রানে আউট হন সাথি। জয়ের বাকি কাজটুকু শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে সারেন দিলারা আক্তার। খেলেছেন ৬৮ রানের অপরাজিত ইনিংস।
৪৯ বলের ইনিংসটি সাজান ৮ চারে। দুর্দান্ত ইনিংসের জন্য পরে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। এর আগে টস জিতে ১৩১ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো মুগেরি তিরিপানো। ৩০ বলের ইনিংসটিতে ছিল ২ চার ও ১ ছক্কা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাবেয়া খান। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে পাকিস্তান। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। দুইয়ে থাকা নেদারল্যান্ডসেরও পয়েন্ট ২। এক ম্যাচ অবশ্য কম খেলেছে তারা।











































