Home আলোচিত সংবাদ নতুন ভোরের প্রত্যাশা ও খুলনার সাংবাদিকতা

নতুন ভোরের প্রত্যাশা ও খুলনার সাংবাদিকতা

0


।।আব্দুর রাজ্জাক রানা।।
চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংবাদমাধ্যম এক নতুন ও রূপান্তরমুখী সময়ের মুখোমুখি দাঁড়িয়েছে। ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলে গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার এক অনুপম সুযোগ সৃষ্টি হয়েছে এই সময়ে। ঠিক এই ক্রান্তিলগ্নে এবং পরিবর্তনের অনন্য ধারায় দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার বিশ্বস্ত প্রতীক দৈনিক খুলনাঞ্চল তার গৌরবের এক যুগ পেরিয়ে পদার্পণ করছে ত্রয়োদশ বর্ষে। এই দীর্ঘ পথচলায় দক্ষিণ জনপদের সংবাদচর্চায় পত্রিকাটি এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর গঠিত খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক, খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সাবেক নির্বাহী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য মিজানুর রহমান মিলটনের সম্পাদনায় পত্রিকাটি কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি হয়ে উঠেছে খেটে খাওয়া সাধারণ মানুষ ও পাঠকের প্রাণের স্পন্দন। আজকের এই বিশেষ সন্ধিক্ষণে পত্রিকার সাফল্য, এর সম্পাদকের সংগ্রামী ভূমিকা এবং পাঠকের প্রকৃত চাওয়া-পাওয়া নিয়ে আমার এই সুগভীর মূল্যায়ন। দীর্ঘ পথচলার ১১টি বছর পেরিয়ে ‘দৈনিক খুলনাঞ্চল’ গৌরবময় ১২তম বর্ষে পদার্পণ করছে। ‘মুক্ত প্রকাশ-মুক্ত বিকাশ’ স্লোগানকে সামনে রেখে ১৩ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় খুলনা মহানগরীর শান্তিধাম মোড়ের তারেরপুকুর (জাতিসংঘ পার্ক) সংলগ্ন দৈনিক খুলনাঞ্চল কার্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।


দৈনিক খুলনাঞ্চলের পথচলা
যেকোনো আঞ্চলিক দৈনিকের দীর্ঘস্থায়ী সার্থকতা এবং টিকে থাকার পেছনে নেপথ্যে কাজ করে দূরদর্শী নেতৃত্ব, সততা ও সাহসিকতা। দৈনিক খুলনাঞ্চল প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা, রাজনৈতিক বৈরিতা এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা পেরিয়ে আজ যে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে, তার মূলে রয়েছে বলিষ্ঠ সম্পাদনা ও দিকনির্দেশনা। এই পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন খুলনার সাংবাদিক অঙ্গনের এক সুপরিচিত ও পরীক্ষিত নাম।
চব্বিশের রক্তক্ষয়ী ও গৌরবোজ্জ্বল গণঅভ্যুত্থানের পর যখন খুলনা প্রেসক্লাবের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে পুনর্গঠন ও স্বৈরাচারী প্রভাবমুক্ত করার গুরুদায়িত্ব এসে পড়েছিল, তখন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য হিসেবে তিনি অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য হিসেবে ইউনিয়নকে গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতকরণ এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে তাঁর অবস্থান সবসময়ই প্রশংসনীয়। তাঁর সম্পাদনায় দৈনিক খুলনাঞ্চল কখনো সত্যের সাথে আপস করেনি। খুলনার অবহেলিত জনপদ, উপকুলীয় অঞ্চল কিংবা দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানচিত্র পত্রিকার পাতায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি সবসময় সাংবাদিকদের উৎসাহিত করেছেন। দলীয় লেজুড়বৃত্তিমুক্ত ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের এই নীতিই দৈনিক খুলনাঞ্চলকে পাঠকদের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছে।


এক যুগে খুলনাঞ্চলের অর্জন ও জনসম্পৃক্ততা
একটি দৈনিক পত্রিকা যখন স্থানীয় পর্যায়ে এক যুগ পূর্ণ করে, তখন বুঝতে হবে সেটি কেবল কিছু কাগজের পৃষ্ঠা নয়, বরং এলাকার সমাজ ও ইতিহাসের এক জীবন্ত দলিল। বিগত বারো বছরে দৈনিক খুলনাঞ্চল খুলনার স্থানীয় সমস্যা, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা সমস্যা, সুন্দরবন রক্ষা, উপকূলীয় মানুষের জীবনসংগ্রাম, গ্যাস সংযোগ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিল্পাঞ্চল পুনরুজ্জীবনের দাবি জোরালোভাবে তুলে ধরেছে।
জনগণের অধিকারের কণ্ঠস্বর : খুলনার পাটকলগুলোর লে-অফ,

শ্রমিকদের বকেয়া বেতন এবং কর্মসংস্থানের সংকট নিয়ে খুলনাঞ্চল যেসব অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, তা নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়েছে।
সাংস্কৃতিক ও সামাজিক দায়বদ্ধতা: কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক সংবাদ নয়, খুলনার কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য এবং ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতেও পত্রিকাটি নিয়মিত পাতা প্রকাশ করে আসছে। নতুন প্রজন্মের সৃজনশীল লেখকদের লেখার সুযোগ করে দিয়ে এটি স্থানীয় সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করেছে।


বিপরীতে দাঁড়িয়ে সত্য প্রকাশ: স্বৈরাচারী সরকারের বিগত বছরগুলোতে আঞ্চলিক গণমাধ্যমের কণ্ঠরোধ করার যে অপচেষ্টা চালানো হয়েছিল, খুলনাঞ্চল তার বিরুদ্ধে একটি সাহসী ব্যতিক্রম হিসেবে দাঁড়িয়েছিল। ক্ষমতাধরদের রোষানলে পড়ার ঝুঁকি নিয়েও পত্রিকাটি জনস্বার্থের খবর প্রকাশ থেকে পিছপা হয়নি।


চব্বিশের গণঅভ্যুত্থান ও সংবাদমাধ্যমের নতুন রূপান্তর
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। ফ্যাসিবাদের নাগপাশ থেকে মুক্ত হয়ে আজ নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তরুণ সমাজ ও আপামর জনসাধারণ দেখছে, তাতে সংবাদমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত দিনে গণমাধ্যমের একাংশ সত্য প্রকাশে চরম ব্যর্থতার পরিচয় দিলেও, আঞ্চলিক সংবাদপত্রগুলোর ওপর মানুষের আস্থা ধরে রাখার ক্ষেত্রে সততা ও সাহসিকতার বিকল্প নেই।
চব্বিশের এই পটপরিবর্তনের পর দৈনিক খুলনাঞ্চলের দায়িত্ব বহুগুণ বেড়ে গেছে। সম্পাদক মিজানুর রহমান মিলটনের অভিজ্ঞতা এবং দূরদর্শিতা এখানে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠন, দুর্নীতি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং খুলনার সুশাসন প্রতিষ্ঠায় পত্রিকাটি আজ আরও বেশি সোচ্চার। নতুন বাংলাদেশে আঞ্চলিক গণমাধ্যমগুলোকে হতে হবে জনগণের প্রকৃত প্রহরীÑযেখানে কোনো দলীয় প্রোপাগান্ডা থাকবে না, থাকবে কেবল জনকল্যাণ এবং সত্যের জয়গান।


পাঠকের প্রত্যাশা
পাঠকই যেকোনো সংবাদমাধ্যমের প্রাণশক্তি। দৈনিক খুলনাঞ্চলের ত্রয়োদশ বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনার সচেতন পাঠক সমাজের প্রত্যাশাও অনেক উঁচুতে। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী স্বাধীন পরিবেশে পাঠকদের চাহিদা এখন পুরোপুরি বদলে গেছে। তারা আর গতানুগতিক বা একপেশে সংবাদ দেখতে চায় না।


বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা: পাঠকদের প্রথম ও প্রধান চাওয়া হলো শতভাগ বস্তুনিষ্ঠতা। সংবাদের গভীরে গিয়ে পেছনের সত্যটুকু তুলে আনা এবং কোনো বিশেষ পক্ষের প্রতি পক্ষপাতিত্ব না করাই হলো আধুনিক পাঠকের মূল দাবি।
ডিজিটাল রূপান্তর ও দ্রুত সংবাদ: বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। কাগজের পাশাপাশি অনলাইন সংস্করণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও খুলনাঞ্চলকে আরও দ্রুত, আকর্ষণীয় ও আধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে, যাতে প্রবাসে থাকা খুলনাবাসীও মুহূর্তের খবর পেতে পারেন।


দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধানী প্রতিবেদন

খুলনার বিভিন্ন সরকারি দপ্তর, স্বাস্থ্যসেবা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থায় ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদেও দোসরদের দুর্নীতি ও অনিয়ম উদঘাটনে খুলনাঞ্চলকে আরও বেশি গভীর অনুসন্ধানী ভূমিকা পালন করতে হবে।
সাধারণ মানুষের মুখপত্র: শহুরে অভিজাতদের পাশাপাশি গ্রামের প্রান্তিক চাষী, জেলে, দিনমজুর ও বঞ্চিত মানুষের সুখ-দুঃখের কথা যেন পত্রিকার পাতায় নিয়মিত স্থান পায়Ñএমনটাই সাধারণ পাঠকের প্রাণের দাবি।
একটি সফল সংবাদপত্রের পথচলা কখনোই কুসুমাস্তীর্ণ হয় না। শত বাধা-বিপত্তি, আর্থিক টানাপোড়েন এবং রাজনৈতিক চাপিয়ে দেওয়া প্রতিকূলতাকে পেছনে ফেলে দৈনিক খুলনাঞ্চল আজ যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, তা এক বিশাল গৌরবের বিষয়। সম্পাদক মিজানুর রহমান মিলটনের বলিষ্ঠ নেতৃত্ব, সাংবাদিক ও কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম এবং খুলনা তথা দক্ষিণাঞ্চলের আপামর পাঠকের ভালোবাসাই এই অগ্রযাত্রার মূল চালিকাশক্তি।


চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে দৈনিক খুলনাঞ্চল আগামী দিনে আরও বেশি সাহসী, নির্ভীক এবং জনগণের মুখপত্র হয়ে উঠবেÑএটাই আমার বিশ্বাস। ত্রয়োদশ বর্ষে পদার্পণ উপলক্ষে দৈনিক খুলনাঞ্চলের পুরো পরিবার, সম্পাদক মিজানুর রহমান মিলটন এবং এর সকল শুভানুধ্যায়ী ও পাঠক সমাজকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যের পথে এই অভিযাত্রা হোক অদম্য ও চিরকালীন।


লেখক : সাধারণ সম্পাদক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (রেজি.নং-খুলনা ১০৬৭)