Home আঞ্চলিক মহেশপুর সীমান্তে ৬ জনকে আটক করেছে বিজিবি

মহেশপুর সীমান্তে ৬ জনকে আটক করেছে বিজিবি

1

ঝিনাইদহ প্রতিনিধি।।

অবৈধভাবে ভারতে প্রবেশে সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ওই ছয়জনকে আটক করা হয়। আটকদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের আলম মিয়া (৩৪), কিশোরগঞ্জের ইটনা থানার এলংজুরি গ্রামের রোহাত মিয়া (৩১), গাজীপুর সদর থানার ভোগড়া দক্ষিণ গ্রামের শওকত মিয়া (২৪), ফরিদপুরের ভাংগা থানার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মন্ডল (৩৬) ও পঞ্চগড়ের আটোয়ারি থানার ফতেহপুর গ্রামের মাসুদ রানা (৩৫)। আটক অন্য একজন নারী রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার-৬০/৭৭-আর এলাকায় টহল দেয়। টহল চলাকালে সীমান্তবর্তী সলেমানপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে ছয়জনকে আটক করে বিজিবি।

পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, সীমান্ত এলাকা থেকে ছয়জনকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক সবাই বাংলাদেশের নাগরিক। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।