আন্তর্জাতিক ডেস্ক।।
কানাডায় অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত পরামর্শ এবং প্রতিনিধিত্বের নামে প্রতারণা, অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে কঠোর আর্থিক জরিমানার নতুন বিধান কার্যকর করেছে দেশটির ফেডারেল সরকার। এখন থেকে অনুমোদন ছাড়া অর্থের বিনিময়ে অভিবাসন বা নাগরিকত্বসংক্রান্ত পরামর্শ কিংবা প্রতিনিধিত্ব করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে ৫ হাজার ডলারের ভিত্তিমূল্যের জরিমানার মুখে পড়তে হবে।
অন্যদিকে, আবেদনকারীর পক্ষে জেনেশুনে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা এ ধরনের তথ্য দিতে সহায়তা করার ক্ষেত্রে ভিত্তিমূল্যের জরিমানা ১৫ হাজার ডলার।
গত ২৮ অক্টোবর ২০২৬ থেকে নতুন এই বিধান কার্যকর হয়েছে বলে জানিয়েছে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি)। সরকারের ঘোষণায় বলা হয়েছে, বিভিন্ন ধরনের লঙ্ঘন, অপরাধের গুরুত্ব এবং আগের অনিয়মের ইতিহাস বিবেচনায় জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে। সব মিলিয়ে এক নোটিশে জরিমানার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ডলার। অনিয়মের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জিত হলে সেই অর্থও জরিমানার সঙ্গে যুক্ত হতে পারে।সরকারি সেবা
নতুন বিধান শুধু অনুমোদনহীন বা ভুয়া অভিবাসন পরামর্শকদের জন্য নয়। কানাডায় লাইসেন্সধারী ইমিগ্রেশন কনসালট্যান্ট, আইনজীবী এবং অন্যান্য অনুমোদিত প্রতিনিধিদের ক্ষেত্রেও এটি সমানভাবে প্রযোজ্য। এমনকি কানাডার বাইরে বসে কেউ অর্থের বিনিময়ে কানাডার অভিবাসন বা নাগরিকত্বের বিষয়ে পরামর্শ ও প্রতিনিধিত্ব করলেও আইন লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।
অর্থের বিনিময়ে অনুমোদন ছাড়া পরামর্শ দেওয়া, আবেদনকারীর কাছ থেকে জেনেশুনে ভুল বা অসম্পূর্ণ তথ্য সংগ্রহ করা, মিথ্যা তথ্য দিয়ে আবেদন তৈরি করা কিংবা আবেদনকারীকে ভুল তথ্য দিতে উৎসাহিত করা—এসব কর্মকাণ্ড নতুন বিধানের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এ ছাড়া আইআরসিসির তদন্তের প্রয়োজনে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ না করলেও ১০ হাজার ডলারের ভিত্তিমূল্যের জরিমানার বিধান রাখা হয়েছে।
নতুন ব্যবস্থায় শুধু অপরাধের ধরন নয়, এর প্রভাব ও সংশ্লিষ্ট ব্যক্তি কী পরিমাণ আর্থিক সুবিধা পেয়েছেন এবং অতীতে একই ধরনের অপরাধ করেছেন কি না, সেসব বিষয় বিবেচনা করে জরিমানা নির্ধারণ করা হবে।
একাধিকবার আইন লঙ্ঘন করলে জরিমানার পরিমাণ বাড়বে। অর্থাৎ, একই ব্যক্তি বারবার অনিয়ম করলে প্রতিটি লঙ্ঘনের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হতে পারে। সব মিলিয়ে জরিমানা ১৫ লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
নতুন বিধানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আইন লঙ্ঘন করে জরিমানার মুখে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। এ জন্য ২০২৭ সালে আইআরসিসির ওয়েবসাইটে একটি অনলাইন তালিকা বা নিবন্ধনব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
এ তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, কী ধরনের আইন লঙ্ঘন করেছেন, জরিমানার পরিমাণ এবং জরিমানা পরিশোধ করেছেন কি না—এসব তথ্য প্রকাশ করা হবে। এর ফলে অভিবাসনপ্রত্যাশীরা কোনো পরামর্শক বা প্রতিনিধির বিরুদ্ধে আগে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা যাচাই করার সুযোগ পাবেন।
তবে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে তাৎক্ষণিকভাবে দোষী সাব্যস্ত করা হবে না। আইআরসিসি তদন্তের পর প্রাথমিক নোটিশ দিলে সংশ্লিষ্ট ব্যক্তি ৩০ দিনের মধ্যে লিখিত বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারবেন।
পরবর্তী সময়ে জরিমানার চূড়ান্ত নোটিশ দেওয়া হলে তিনি ৩০ দিনের মধ্যে স্বাধীন পর্যালোচকের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।
কানাডা সরকারের মতে, অভিবাসনপ্রত্যাশীদের আর্থিক ক্ষতি, প্রতারণা ও ভুল পরামর্শ থেকে রক্ষা করা এবং দেশটির অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই এই নতুন বিধানের মূল উদ্দেশ্য।সরকারি সেবা
সংশ্লিষ্টদের মতে, নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে কানাডায় অভিবাসন ও নাগরিকত্বের আবেদন করতে আগ্রহীদের জন্য সঠিক ও অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে কাজ করার গুরুত্ব আরও বেড়েছে। তাই কোনো পরামর্শককে অর্থ দেওয়ার আগে তার পেশাগত অনুমোদন ও লাইসেন্স যাচাই করার পরামর্শ দিয়েছে আইআরসিসি।











































