Home আলোচিত সংবাদ ইউপি নির্বাচন: প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

ইউপি নির্বাচন: প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

0

ঢাকা অফিস।।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রথমে ৮৫ জন কর্মকর্তাকে কোর প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা মাঠপর্যায়ের ভোট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

বুধবার (১১ নভেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা এ তথ্য জানান।


কর্মকর্তারা জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। তিনটি ব্যাচে মোট ৮৫ জন কর্মকর্তাকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক (স্থানীয়) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা চিঠি অনুযায়ী, প্রথম ব্যাচের প্রশিক্ষণ ১০ ও ১১ নভেম্বর, দ্বিতীয় ব্যাচের ১১ ও ১২ নভেম্বর এবং তৃতীয় ব্যাচের ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে ইসির।