বিনোদন প্রতিবেদক।।
আবারও জুটি বাঁধলেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। কিছুদিন আগে, ‘ভালো আছো তো’ নামের একক নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন এই তারকাজুটি। এর রেশ কাটতে না কাটতে তাদের নতুন নাটক মুক্তির ঘোষণা দিলেন নির্মাতা জাকারিয়া সৌখিন। নাম ‘দূরের মানুষ’। নির্মাতার সঙ্গে যৌথভাবে নাটকটির কাহিনি লিখেছেন রাসেল পারভেজ। নাটকে অপূর্ব ও নীহার পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।
নির্মাতা জাকারিয়া সৌখিনের কথায়, কিছু মানুষ জীবনে আসে, কিন্তু কখনও আপন হয়ে ওঠে না। কিন্তু থেকে যায় মনের খুব কাছাকাছি, এক অদ্ভুত দূরত্বে। ভালোবাসা আর দূরের এমনই এক কাহিনি তুলে আনা হয়েছে ‘দূরের মানুষ’ নাটকে, যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই নির্মাতা।
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কথায়, জাকারিয়া সৌখিন একজন পরীক্ষিত নির্মাতা; যার সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন। সেই অভিজ্ঞতা থেকে যে বিষয়টি তার যেটি স্পষ্ট হয়েছে, তা হলো- দর্শক প্রত্যাশা পূরণের পাশাপাশি সৌখিন বারবার চেষ্টা করেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন কিছু উপস্থাপনের। ‘দূরের মানুষ’ নাটকের বেলায় তার ব্যতিক্রম হয়নি। যে কারণে এই নাটকটিও দর্শক মনে ছাপ ফেলবে বলে আশা করছেন তিনি।
অভিনেতা আরও জানান, জাকারিয়া সৌখিনের নাটকগুলোর সূত্র ধরেই নীহার সঙ্গে জুটি গড়ে উঠেছে এবং সেই জুটি দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে। ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘মায়াপাখি’, ‘ভালো আছো তো’ নাটকগুলোর অভাবনীয় সাফল্যই এর প্রমাণ। এ কথার সঙ্গে একমত পোষণ করেছেন অভিনেত্রী নাজনীন নীহাও।
পাশাপাশি এও জানিয়েছেন, শুধু জুটি গড়া নয়, অপূর্ব ও তাকে নিয়ে যে গল্পগুলো জাকারিয়া সৌখিন পর্দায় তুলে ধরেছেন, তার গল্পগুলো একদিকে যেমন সময়োপয়োগী ছিল, তেমনি নির্মাণে ছিল নান্দনিকতার ছাপ। যে কারণে অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর নাটকগুলো দর্শকের মাঝে এতটা সাড়া ফেলেছে। একইভাবে ‘দূরের মানুষ’ নাটকটি নতুন এক মাইলফলক স্পর্শ করবে বলেও মনে করেন নাজনীন নীহা।
আগামী ৩ ডিসেম্বর ক্যাপিটাল ড্রামা ইউটিউব প্রকাশ পাচ্ছেন অপূর্ব-নীহা জুটির নতুন নাটক ‘দূরের মানুষ’।











































