ঢাকা অফিস।।
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরার সোফি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত শিক্ষা ও জীবিকায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি ইউনিসেফের সহায়তায় পরিচালিত একটি রোহিঙ্গা লার্নিং সেন্টার পরিদর্শন করেন।
সেখানে বাস্তুচ্যুতির প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশায় থাকা শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি।
এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পিএইচএএস-এর সহায়তায় পরিচালিত সাবান তৈরির জীবিকায়ন প্রকল্পের অংশগ্রহণকারীদের সঙ্গেও মতবিনিময় করেন ডাচেস অব এডিনবরা।
এই প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক সংহতি জোরদারে কাজ করা হচ্ছে।
শিক্ষার সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা ও সামাজিক বন্ধন জোরদারের বিষয়টি তাঁর এই সফরে গুরুত্ব পায়।
সোফি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী। তিনি সোমবার তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।











































