ঢাকা অফিস
দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তিনটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে মোট ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে, যার প্রত্যক্ষ সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী।
সোমবার ( ৯ নভেম্বর ) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, সমবায়ভিত্তিক এই উদ্যোগগুলোর মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, মহিলাদের নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তরুণদের কারিগরি দক্ষতা বাড়ানোকে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বাস্তবায়নাধীন তিনটি প্রকল্পের মধ্যে প্রথমটি হচ্ছে ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ’ শীর্ষক উদ্যোগ। এ ছাড়া সমবায়ের শক্তিতে কেন্দ্র করে নারী ক্ষমতায়ন ত্বরান্বিত করতে ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ এবং বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী করতে ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি পরিচালনা করা হবে। এই প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন হলে দেশের গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হওয়ার পাশাপাশি বিপুল জনগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থানের টেকসই পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।











































