স্টাফ রিপোর্টার।।
সুন্দরবনে জীববৈচিত্র্যের ওপর বিষ প্রয়োগের হুমকি কমানো যাচ্ছে না লোকবলের অভাবে। নদী ও খালে মাছ ধরার জন্য কীটনাশক ছড়িয়ে দেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ খাদ্য-শৃঙ্খল ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক জীবনচক্র। বন অপরাধে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে শুধু পশ্চিম বিভাগে ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ৩৯৪ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় গত ১০ মাসে বনের গহিন অরণ্য থেকে শুরু করে নদী-খালে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করা হয়েছে। এ সময় হরিণ শিকার, অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ, বিষ প্রয়োগে মাছ ধরা এবং অন্যান্য বন অপরাধের অভিযোগে এসব মামলা করা হয়। অভিযানে জব্দ করা হয়েছে ২ হাজার ৮৯২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৫২২ কেজি হরিণের মাংস, ২৯টি ট্রলার, ৪০৫টি নৌকা, ৪৮৩টি অবৈধ কাঁকড়া ধরার আটন, ৯ হাজার ৫৩২ মিটার দোন দড়ি, ৩ হাজার ৭৬০ কেজি মাছ এবং ৪ হাজার ১৪২ কেজি কাঁকড়া। এ ছাড়া, জব্দ করা হয়েছে ১৮৮ বোতল মাছ ধরার অবৈধ কীটনাশক ও ১ হাজার ২৭৩ কেজি মধু।
সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার দীর্ঘদিনের একটি উদ্বেগজনক অপরাধ। একশ্রেণির অসাধু চক্র মাছের চলাচল ও অবস্থান শনাক্ত করে পানিতে কীটনাশক ছড়িয়ে দেয়। এতে মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়া, জলজ কীটপতঙ্গ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণীও মারা যায়। বিষাক্ত মাছ ও পানির মাধ্যমে খাদ্য-শৃঙ্খলের অন্য প্রাণীরাও ক্ষতির মুখে পড়ে।
বনের ছিচখালী, কেওড়াসুতি, হংসরাজ, দুধমুখ, কাগা দোবেকি, পাটকোষ্টা, গেড়া চালকি, মার্কি, আন্দারমানিক, শাপখালী, বাটলু, নোটাবেকি, পুষ্পকাঠি ও কাটেশ্বর এলাকার নদী-খালে এ ধরনের কর্মকাণ্ড চলছে।
সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, বিষাক্ত পদার্থ পানিতে ছড়িয়ে পড়লে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। দূষিত মাছ খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।
১৩৫ অপরাধীর বিশেষ তালিকা, নজরদারিতে বন বিভাগ: বন্যপ্রাণী শিকার ও বন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সুন্দরবন পশ্চিম বিভাগ ১৩৫ জনের একটি বিশেষ তালিকা তৈরি করেছে। তালিকাভুক্ত ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। পাশাপাশি বন অপরাধ দমনে স্টেশন ও টহল ফাঁড়িগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম বিষ প্রয়োগ বন্ধে বিশেষ উদ্যোগ নেন। স্টেশন ও টহল ফাঁড়ির কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন অভিযানে অবৈধ জাল, নৌকা, আটনসহ বন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। রেঞ্জ কর্মকর্তা নিজেও কয়েকটি অভিযানে অংশ নিয়ে অপরাধীদের আটকে ভূমিকা রেখেছেন।
বন প্রহরীদের মতে, নিয়মিত অভিযান ও নজরদারির কারণে খুলনা রেঞ্জে অপরাধের প্রবণতা আগের তুলনায় কমেছে। জনবল সংকট ও আধুনিক সরঞ্জামের অভাব দূর করা না গেলে দীর্ঘমেয়াদে এ সাফল্য ধরে রাখা কঠিন হতে পারে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বনরক্ষীরা চরম ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে বনের দুর্গম এলাকায় পায়ে হেঁটে এবং নদীপথে নিয়মিত টহল দিচ্ছেন। ফুট পেট্রোলিংয়ের পাশাপাশি ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে বন অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বিশাল আয়তনের সুন্দরবনের বনজসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অল্পসংখ্যক জনবল দিয়ে এত বড় বনাঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। বন কর্মীদের সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানো জরুরি। আগের তুলনায় বন অপরাধের প্রবণতা অনেক কমেছে বলে তিনি দাবি করেন।











































