আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের কারণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকে লক্ষ্যবস্তু করেছে সাইবার অপরাধীরা। তার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশের পাশাপাশি আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে হ্যাকাররা। এমনকি তার পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন তাজানি।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তাজানি লিখেছেন, ‘বেশ কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা ডার্ক ওয়েবে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এর ফলে আমি নতুন ধরনের হুমকি ও ভীতি প্রদর্শনের মুখে পড়েছি।’
তবে কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। শুধু বলেছেন, হ্যাকাররা তার পরিবারকেও লক্ষ্যবস্তু করেছে।
ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এমন একটি গোপন অংশ, যা সাধারণ সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। সেখানে প্রবেশের জন্য বিশেষ সফটওয়্যারের প্রয়োজন হয়।
তাজানি বলেন, ইউক্রেন ইস্যুতে ইতালির অবস্থানের কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা এবং কোনো জাতির গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়াটা এই অপরাধী গোষ্ঠীগুলোর দৃষ্টিতে বিপজ্জনক।’
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনার জন্য রাশিয়াপন্থী হ্যাকারদের দায়ী করেছেন। একই সঙ্গে তাজানির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন তিনি।
এক বিবৃতিতে মেলোনি বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিনিধিদের গোপনীয় তথ্য ফাঁস হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয় এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এর মোকাবিলা করতে হবে।’
তবে মস্কো এখন পর্যন্ত প্রকাশ্যে এ অভিযোগের কোনো জবাব দেয়নি।
মেলোনি ‘ভুয়া ছবি ছড়িয়ে পড়ার’ বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, ইতালির বিরোধী দলের সদস্যরা এসব ছবি ছড়িয়েছেন। তবে ছবিগুলোতে কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ইতালি সরকার। দেশটির উপপ্রধানমন্ত্রীর দায়িত্বেও থাকা তাজানি জানিয়েছেন, সরকার এসব হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
————————————————————————————————
তথ্য : বিবিসি











































