Home আঞ্চলিক বিকাশকর্মীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

বিকাশকর্মীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

36

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের কচুয়ায় বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে নগদ টাকাভর্তি ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সাইনবোর্ড মোড়ের গোল চত্বরের কাছে এ ঘটনা ঘটে। ব্যাগে প্রায় ৬ লাখ টাকা ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আহত বাচ্চু শেখ বাগেরহাটের বিকাশ পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজন তার পথ আটকান। তারা তার কাছে থাকা ব্যাগ টান দেন। বাচ্চু ব্যাগ না ছেড়ে ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার শুরু করেন। এ সময় দুর্বৃত্তরা ব্যাগ থেকে চাপাতি বের করে তাকে কোপানোর চেষ্টা করেন। আশপাশের লোকজনকেও চাপাতি দেখিয়ে ভয় দেখান তারা।

একপর্যায়ে বাচ্চুকে চাপাতি দিয়ে কোপ দিলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন এবং রাস্তায় পড়ে যান। এ সুযোগে দুর্বৃত্তরা তার ব্যাগ নিয়ে দুটি মোটরসাইকেলে করে বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যান।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী বলেন, আমারেদ ডিএসওরা বিকাশ এজেন্টদের নগদ টাকা ও ই-মানি সরবরাহ করেন। প্রতিদিনের মতো রোববার সকালে অফিস থেকে টাকা নিয়ে সাইনবোর্ড বাজারে যান বাচ্চু। পথে কয়েকটি দোকানে লেনদেন করে বাজারে পৌঁছে মোটরসাইকেল রেখে একটি দোকানে লেনদেন করেন তিনি।

পরে রাস্তা পার হয়ে অন্য একটি দোকানে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাচ্চু ব্যাগ ধরে রাখতে চাইলে তারা চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করেন। এ সময় তিনি রাস্তায় পড়ে গিয়ে কিছুটা ছিলে আহত হন। পড়ে যাওয়ার পরও দুর্বৃত্তরা তাকে কোপানোর চেষ্টা করেন। পরে ব্যাগ নিয়ে পালিয়ে যান তারা।

হুমায়ুন কবীর জানান, ব্যাগে আনুমানিক ৬ লাখ টাকা ছিল। লেনদেনের কারণে টাকার পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ নেওয়া হয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় একই কায়দায় বিকাশের এক ডিএসওর কাছ থেকে দুই লাখ টাকার বেশি ছিনতাই হয়। দুটি মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে তার টাকাভর্তি ব্যাগ নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ছাড়া গত ২৮ অক্টোবর বাগেরহাট সদর উপজেলার পুরাতন মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে নগদ টাকা ও অফিসের ব্যাগ ছিনতাই করা হয়। ১ সেপ্টেম্বর বাগেরহাটের ডাচ্‌-বাংলা ব্যাংক থেকে ছয় লাখ টাকা নিয়ে যাত্রাপুর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের শিকার হন এক ব্যক্তি। গত দুই মাসে জেলার চিতলমারীসহ বিভিন্ন উপজেলায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।