খবর বিজ্ঞপ্তি।।
পৃথিবীর ইতিহাসে গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দল বা ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। তিনি বলেন,যারা চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদেরও আর এ দেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। তাদের পরিণতি হবে কম্বোডিয়ার পল পট, জার্মানির হিটলার কিংবা ইতালির মুসোলিনির ফ্যাসিস্ট দলের মতোই ইতিহাসের আস্তাকুঁড়ে।
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রবিবার (৮ই নভেম্বর) বিকালে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবু জাফরের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
নতুন প্রজন্ম অর্থাৎ ‘জেন-জি’র (Gen-Z) তরুণদের অভিনন্দন জানিয়ে আজিজুল বারী হেলাল বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ৭ই নভেম্বর একে অপরের পরিপূরক। একাত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন নিয়ে জাতি রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, স্বাধীনতা-পরবর্তী সময়ে একদলীয় বাকশাল কায়েম করে সেই স্বপ্নকে হত্যা করা হয়েছিল।
তিনি বলেন,১৯৭৫ সালের ৩রা নভেম্বর দেশি-বিদেশি ষড়যন্ত্রে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করার চক্রান্ত হয়েছিল। কিন্তু ৭ই নভেম্বর এ দেশের দেশপ্রেমিক সিপাহি ও মুক্তিকামী জনতা রাজপথে নেমে এসে তাঁকে মুক্ত করে। এটি ছিল বিশ্বের ইতিহাসের অন্যতম সফল ও সংক্ষিপ্ততম বিপ্লব। সিপাহি-জনতার সেই ঐতিহাসিক সংহতির মাধ্যমেই দেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এই গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে।
বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার অর্থনৈতিক দর্শন তুলে ধরে ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার অন্যতম প্রধান অঙ্গীকার হলো আগামী পাঁচ বছরে দেশে ১ কোটি তরুণ-যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা কেবল সনাতনী চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকব না। বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও চিপ ডিজাইনের বিশাল বাজার রয়েছে। অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরা চিপ ডিজাইনে বিপুল অর্থ বিনিয়োগ করছে।
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন,আমাদের সরকার গঠিত হলে তরুণদের উচ্চপ্রযুক্তি ও চিপ ডিজাইনিংয়ের ওপর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে করে দেশের মেধাবী তরুণরা ঘরে বসেই বিলিয়ন ডলার আয় করতে পারবে, যা একসময় আমাদের পোশাকশিল্পের আয়কেও ছাড়িয়ে যাবে।
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা এখন এক হয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে উল্লেখ করে আজিজুল বারী হেলাল বলেন, পোশাক কারখানায় বিশৃঙ্খলা, চোরাগোপ্তা বোমা হামলা কিংবা সমাজে মাদক ছড়িয়ে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর ভূমিকা পালন করতে হবে,কোনো প্রকার উদাসীনতা দেখালে জনগণ তাদেরও ষড়যন্ত্রের অংশীদার মনে করবে।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদলকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ‘চাবুক’-এর মতো ভূমিকা রাখতে গড়ে তুলেছিলেন। তাই সমাজবিরোধী ও দেশবিরোধী প্রচারণার জবাব দিতে হবে মেধা, যুক্তি ও ইতিবাচক রাজনৈতিক আদর্শ দিয়ে।
আলোচনা সভায় খুলনা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।











































