আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ওশ শহরে এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে বাড়িটি সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে গেছে।
ফরাসি কর্তৃপক্ষ এটিকে একটি পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হামলা বলে ধারণা করছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও বাড়িটি রক্ষা করা সম্ভব হয়নি এবং সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, সবকিছুই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ওই কর্মকর্তার পেশাগত পরিচয়ের কারণেই অত্যন্ত ক্ষতিকর এই অপরাধমূলক কাজটি ঘটানো হয়েছে।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ ও সহায়তা নিশ্চিত করা হবে।
এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।











































