Home আন্তর্জাতিক সৌদি আরবে আইন লঙ্ঘনের দায়ে বহিষ্কার ৯ হাজারের বেশি প্রবাসী

সৌদি আরবে আইন লঙ্ঘনের দায়ে বহিষ্কার ৯ হাজারের বেশি প্রবাসী

6

আন্তর্জাতিক ডেস্ক।।

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি অপরাধের ঘটনা শনাক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনায় ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া ৪১ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আবাসন আইন লঙ্ঘনের ৬ হাজার ৪৩টি, সীমান্ত নিরাপত্তা বিধি ভাঙার ৩ হাজার ১৯১টি এবং শ্রম আইন লঙ্ঘনের ২ হাজার ৩৫৩টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আটক করা হয় ১৮ জনকে। মন্ত্রণালয় আরো জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ছাড়া ৯ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আইন লঙ্ঘন করে প্রবাসীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা নিয়োগের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।