স্টাফ রিপোর্টার।।
খুলনায় আসতে বাধা প্রদান, একাধিক মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো এবং প্রাণনাশ ও হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পতিত সরকারের আমলে দাপটি ব্যবসায়ী নেতা শরীফ আতিয়ার রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রাপ্তী বিল্ডার্সের স্বত্বাধিকারী মো. মাহমুদ হাসান।
ভুক্তভোগীর করা জিডি নম্বর ৪৪২, তারিখ ৭ নভেম্বর ২০২৬। জিডিতে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৫১ মিনিটে শরীফ আতিয়ার রহমান তাঁর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭১১২৯৫৫৯৭ থেকে মাহমুদ হাসানের মোবাইল নম্বরে (০১৮৫৫৫৫৫৫৬৩) কল করেন। এ সময় তাঁকে খুলনা শহরে আসতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে চারটি মিথ্যা মামলা দায়ের করার ভয় দেখিয়ে বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করা হয় বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।
জিডির বিবরণ ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, শরীফ আতিয়ার রহমানের কাছে মাহমুদ হাসানের নগদ টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা পরিশোধের বিষয়ে দীর্ঘদিন ধরে আজ-কাল করে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। এ বিষয়ে টাকা চাইতে ফোন করলে শরীফ আতিয়ার রহমান তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও দাবি করেন তিনি।
এ অবস্থায় নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সম্ভাব্য আইনি হয়রানি থেকে সুরক্ষা পাওয়ার জন্য মাহমুদ হাসান শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ তাঁর অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেছে।
তবে অভিযোগের বিষয়ে শরীফ আতিয়ার রহমানের সাথে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।











































