আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ধর্মবিশ্বাস, মৃত্যুর পরের জীবন, রাজনৈতিক প্রতিপক্ষ এবং অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’র সাংবাদিক রস ডাউথ্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি মনে করেন। জবাবে ৮০ বছর বয়সি এই মার্কিন প্রেসিডেন্ট নিজেকে ধার্মিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তার ধারণা, তাত্ত্বিকভাবে তার স্বর্গে যাওয়ার কথা। তিনি নরকে যেতে চান না।
মৃত্যুর পর মানুষ তাকে মনে রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় একাধিক প্রাণঘাতী হামলা থেকে বেঁচে যাওয়া ট্রাম্পের কাছে পরকাল নিয়ে আরও একটি প্রশ্ন রাখেন সাংবাদিক ডাউথ্যাট। তিনি জানতে চান, স্বর্গে প্রবেশের শর্ত হিসেবে যদি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জেমস কোমি ও ন্যান্সি পেলোসির মতো ব্যক্তিদের ক্ষমা করতে হয়, তাহলে ট্রাম্প তা করবেন কি না।
জবাবে ট্রাম্প জানান, তাদের ক্ষমা করা তার পক্ষে সম্ভব নয়। কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি নিজের তীব্র বিরাগের কথা জানিয়ে তিনি বলেন, তাদের তিনি ঘৃণা করেন এবং আজীবন করবেন। ফলে তাদের ক্ষমা করার প্রশ্নই আসে না।
সাক্ষাৎকারে ইউএফও নিয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি জানান, ওভাল অফিসে দায়িত্ব পালনের সময় মার্কিন বিমানবাহিনীর কয়েকজন দক্ষ ও বিশ্বস্ত পাইলট তার সঙ্গে দেখা করেছিলেন। তাদের পেশাদারত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা কোনো ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী নন।
নিজে ইউএফও নিয়ে খুব একটা বিশ্বাসী না হলেও ওই পাইলটরা তাকে উড়ন্ত বস্তু ঘিরে বেশ কিছু অস্বাভাবিক অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
——————————————————————————————————
তথ্য:খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের











































