কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই ছাত্রীর বাসার সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।
আহত স্কুলছাত্রীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাকিয়া দুপুরে টেস্ট পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিল। দুপুর ১টার দিকে থানাপাড়ার ২ নম্বর ওয়ার্ডের ক্রিসেন্ট ক্লাবের গলির ভেতরে তার বাসার সামনে আগে থেকে এক বখাটে ওঁৎ পেতে ছিল। জাকিয়া পৌঁছানোর পর কোনো কিছু বুঝে ওঠার আগে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটে জাকিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত আছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত জাকিয়া চিকিৎসাধীন রয়েছে। হামলাকারী বখাটে যুবককে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।











































