Home জাতীয় সংসদকে সরকারের অবজ্ঞায় অসন্তোষ ডেপুটি স্পিকারের

সংসদকে সরকারের অবজ্ঞায় অসন্তোষ ডেপুটি স্পিকারের

2

ঢাকা অফিস।।

মন্ত্রিসভায় অনুমোদিত বিল সাড়ে তিন মাসের বেশি সময় পর সংসদে উত্থাপন করায় অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদনের পর কেন এত সময় লাগল– এ প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। প্রায় চার মাস আগে।’

মন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার আরও বলেন, ‘আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ। লেজিসলেচারকে এমপাওয়ারড করেন, ইগনোর না।’

ডেপুটি স্পিকার বলনে, ‘আপনার এক্সিকিউভের পক্ষ থেকে এই বিলটা কেন এতদিন পরে আসলো যে, আমাকে প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার) করতে হলো? আমি দিচ্ছি অনুমতি, বাট এটা বোধহয় আপনারা আগেও দু-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরও এক্সিকিউভের পার্ট থেকে লেজিসলেচারকে আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে মাননীয় সদস্যরা বিলটা দেখতে পারেন না।’

পরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে বিল সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে গৃহায়ন ও গণর্পূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমৃদ্ধ গুরুত্বপূর্ণ বগুড়া শহর ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণসহ দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা আবশ্যক।

তিন অধ্যাদেশ সংসদে
এ অধিবেশন শুরু হওয়ার আগে জারি করা তিনটি অধ্যাদেশ সোমবার চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো– পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন।

নানা ইস্যু তুললেন এমপিরা
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সংস্কার ও মেরামতের বরাদ্দে বৈষম্য এবং দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের বিষয়ে সার্কুলার অনুযায়ী সংসদ সদস্যরা ডিও লেটার দিলেও এখন পর্যন্ত তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। কিছু এলাকায় সরকারদলীয় নেতাকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বলছেন, বিরোধী দলের এমপিদের ডিও লেটারে কাজ হবে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ধরনের পরিস্থিতিতে কোথাও কোথাও চাঁদাবাজিও শুরু হয়েছে। শুধু উন্নয়নকাজ নয়, বিভিন্ন অফিস-আদালতেও দলীয়করণ চলছে।

৭১ বিধির জরুরি জন-গুরুত্বপূর্ণ বিধিতে মনোযোগ আকর্ষণ বিধিতে এসব কথা বলেন তিনি। একই বিধিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, কোনো নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হন, তা নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, পাচারকারীরা এখন শুধু দালাল সেজে নয়, এআই ডিপফেক সোশ্যাল মিডিয়া ও ক্রিপ্টো কারেন্সির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি রাজধানীর ধানমন্ডি, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেকের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান বলেন, ভারী বর্ষণে তাঁর নির্বাচনী এলাকার চলাচল উপযোগী অনেক সড়ক নষ্ট হয়ে গেছে।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বন্ধ কলকারখানা চালু এবং চালু কারখানার উৎপাদন বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বা সহজ শর্তে স্বল্প সুদের ঋণ দ্রুত ছাড়ের দাবি জানান।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রস্তাব দেন।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া দেশের সরকারি হাসপাতালগুলোতে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, শহর থেকে গ্রাম পর্যন্ত সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার চিত্র হতাশাজনক। কোথাও হাসপাতাল থাকলেও চিকিৎসক নেই, চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় ওষুধ মেলে না।