মিলি রহমান।।
অতিরিক্ত স্বাস্থ্য কমাতে বা নিজেকে ফিট রাখার জন্য প্রতিদিন সকালে নিয়মিত লেবু-পানি পানের কথা প্রায় সবারই জানা। বড় বিষয় হচ্ছে, লেবু-পানি ভিটামিন সি-এর জন্য দুর্দান্ত একটি উৎস।
ফলে আজকাল অনেককেই লেবু-পানি পান করতে দেখা যায়। আবার কেউ কেউ শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষায়ও লেবু-পানি পান করেন।
লেবু-পানি পানের নানা উপকারিতার কথা থাকলেও অনেকেরই প্রশ্ন―ট্রেন্ডিংয়ে থাকা লেবু-পানি পান করা কি কিডনির জন্য ভালো? সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে নভি মুম্বাইয়ের খারঘরের মেডিকভার হাসপাতালের ডায়েটেটিক্স বিভাগের প্রধান ডা. রাজেশ্বরী পান্ডা জানান, পরিমিত পরিমাণ লেবু-পানি পান করলে একজন সাধারণ মানুষের কিডনির জন্য ভালো হতে পারে।
ডা. রাজেশ্বর বলেন. লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রেট থাকে বলে মনে করা হয়। যা কিডনিতে পাথর, বিশেষ করে ক্যালসিয়াম অক্সালেট পাথর গঠনে বাধা দিতে সহায়ক ভূমিকা রাখে। কিডনির কার্যকারিতার জন্য শরীরে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা জরুরি। এ কারণে কেউ সাধারণ পানি পান করলেও তা রোগীর জন্য সহায়ক।
এ ছাড়া একই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট ডা. অমিত নাগারিক বলেন, লেবু-পানি পান উপকারী মনে হলেও এটি সবার জন্য উপযোগী নাও হতে পারে।
বিশেষ করে যাদের কিডনি রোগ শনাক্ত হয়েছে। অ্যাডভান্সড বা জটিল কিডনি রোগে আক্রান্তদের তরল গ্রহণের পরিমাণ সীমিত করার প্রয়োজন হতে পারে। আবার লেবু যোগ করলে পটাশিয়ামের মাত্রা বাড়তে পারে। যা অনেক সময় অসুস্থ কিডনি ছেঁকে বের করতে কখনো কখনো হিমশিম খেতে পারে। এ থেকে রোগীর সমস্যা আরো প্রকোপ হতে পারে।
এ ব্যাপারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, অতিরিক্ত লেবু খাওয়ার কারণে অ্যাসিড রিফ্লাক্স (বুক জ্বালাপোড়া) হতে পারে, পাকস্থলীর ভেতরের আস্তরণে পেটের ভেতরে জ্বালাপোড়া বা দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে ডা. রাজেশ্বর বলেন, অতিরিক্ত লেবুর রস পান করা এড়িয়ে চলাই উত্তম। বেশি পরিমাণ সাইট্রিক অ্যাসিড পাকস্থলীতে জ্বালাপোড়ার কারণ হতে পারে বা দাঁতের এনামেল নষ্ট করতে পারে। যা রোগীদের জন্য উচিত নয়। লেবু-পানি পান করা কোনো সমাধান বা ওষুধ নয়, তবে এটি একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। যা সার্বিকভাবে কিডনির স্বাস্থ্য ও শরীরে তরল্যের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর পরিমাণ বা খাওয়া ঠিক কি না, তা জেনে নিতে হবে।











































