ঢাকা অফিস
প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে কারিগরি ত্রুটি ও নিয়মবহির্ভূতভাবে উড্ডয়ন ছাড়পত্র দেওয়ার ঘটনায় চরম চাপে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ঘটনার জেরে দুই আলোচিত প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নানকে বিমানের সব গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। তাদের লন্ডন যেতেও অনুমতি দেয়নি বিমান কর্তৃপক্ষ। এছাড়া চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের গুরুত্বপূর্ণ কোনো রুটে দায়িত্ব দেওয়া হবে না। তাদের স্টেশন ত্যাগ না করার নির্দেশও দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি লন্ডন স্টেশনে উড়োজাহাজের কারিগরি সনদ প্রদানের দায়িত্ব থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন এই দুই কর্মকর্তা। প্রথম দফায় তাদেরই লন্ডনে পাঠানোর দাপ্তরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল; কিন্তু গত ২৯ অক্টোবর জাপানের নারিতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ও পরবর্তী সময়ে তা নিয়ে সৃষ্ট তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত পিছু হটে বিমান কর্তৃপক্ষ। তাদের পরিবর্তে প্রকৌশলী মো. মাহফুজুর রহমান (পি-৩৫০১৮) এবং প্রকৌশলী বদরুদ্দোজা মো. মাহফুজকে (পি-৩৫০৯৭) লন্ডন স্টেশনের দায়িত্ব দিয়ে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও রুট থেকে বিরত রাখা হয়েছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী দৃশ্যমান প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে ব্যবহৃত হয় বিমানের ফ্ল্যাগশিপ বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ। বিজি-৩৭৬ ও বিজি-৩৭৭ ফ্লাইট ঘিরে উড্ডয়নের আগে ও পরে উড়োজাহাজটির কারিগরি সক্ষমতা এবং নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। বিশেষ করে গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা ফেরার ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটির স্পয়লারে মারাত্মক ত্রুটির সতর্কবার্তা দেখা দেয়। এতে পুশব্যাক ও ট্যাঙ্ িকরে রানওয়ের দিকে যাওয়ার পরও পাইলট উড্ডয়ন বাতিল করতে বাধ্য হন। পরে দীর্ঘ সময় ধরে কারিগরি প্রক্রিয়া শেষে ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের তীব্র ভোগান্তির মুখে পড়তে হয়। একই সঙ্গে ভিভিআইপি ফ্লাইটের মতো অতি সংবেদনশীল যাত্রায় নিরাপত্তা বিঘ্নিত হওয়া ও বিমানের প্রকৌশল বিভাগের ছাড়পত্র দেওয়ার পুরো প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া। সংশ্লিষ্ট সূত্র ও এভিয়েশন বিশেষজ্ঞদের দাবি, উড়োজাহাজটির স্পয়লারের ত্রুটি পুরোপুরি নিরসন না করেই ন্যূনতম সরঞ্জাম তালিকা (এমইএল)-এর ভুল বা মনগড়া ব্যাখ্যা ব্যবহার করে তড়িঘড়ি করে উড্ডয়নের ছাড়পত্র দেওয়া হয়েছিল। যেখানে সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের তুলনায় ভিভিআইপি ফ্লাইটে বহুগুণ বেশি সতর্কতা ও কঠোর প্রটোকল অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে, সেখানে এ ধরনের দায়িত্বহীনতা মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল।
প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে কারিগরি ত্রুটির এই অনভিপ্রেত ঘটনার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার সদস্যের একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে প্রকৌশল বিভাগের একজন শীর্ষ কর্মকর্তাকেও তার পদ থেকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তদন্ত কমিটিতে উড়োজাহাজটির কারিগরি ইতিহাস, ত্রুটি শনাক্তকরণ, এমইএল প্রয়োগের বৈধতা ও উড্ডয়নযোগ্যতার সনদ প্রদানের পুরো প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।











































