Home আঞ্চলিক এক দশকে ট্রেন দুর্ঘটনায় ৮০ জনের মৃত্যু: যশোরে নিজেদের তৈরি ফাঁদে ঝরছে...

এক দশকে ট্রেন দুর্ঘটনায় ৮০ জনের মৃত্যু: যশোরে নিজেদের তৈরি ফাঁদে ঝরছে প্রাণ

0


১৮৩টির মধ্যে অবৈধ লেভেল ক্রসিং ১০১ * বৈধ ৮২টির মধ্যে ৩৮টির নেই গেটম্যান


যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীরদরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে জয়কৃষ্ণপুর গ্রামে যাতায়াতে রেললাইনের ওপর স্থানীয়রা তৈরি করেছেন লেভেল ক্রসিং। রেলওয়ে বিভাগের অনুমোদন না থাকায় নেই কোনো গেটম্যান কিংবা ব্যারিয়ার। ফলে নিজ দায়িত্বেই পার হতে হয়।


গত বুধবার ওই লেভেল ক্রসিং পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এঙ্প্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ক্যাভার্ডভ্যান। গুরুতর আহত হন চালক আতিয়ার রহমান। পরে হাসপাতালে তিনি মারা যান। ২৬ সেপ্টেম্বর কৃষ্ণবাটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান চালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। শুধু এ দুটি দুর্ঘটনা নয়, এক দশকে এই অঞ্চলে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে অন্তত অর্ধশত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮০ জন।
রেলওয়ে পাকশী বিভাগের পশ্চিমাঞ্চলের তথ্যমতে, যশোর রেলওয়ে স্টেশন থেকে যশোর-বেনাপোল, যশোর-কোটচাঁদপুর ও যশোর-খুলনা রুটের যশোর অংশে ১৮৩টি লেভেল ক্রসিং রয়েছে; এগুলোর মধ্যে ১০১টিই অবৈধ। আর বৈধ যে ৮২টি রয়েছে, সেগুলোর ৩৮টির কোনো গেটম্যান নেই। রেল কর্তৃপক্ষের দাবি, যেখানে-সেখানে রাস্তা নির্মাণের ফলে বাড়ছে অনুমোদনহীন লেভেল ক্রসিং। এ জন্য স্থানীয়দের পাশাপাশি সড়ক নির্মাণ প্রতিষ্ঠান এলজিইডি ও পৌরসভাও দায়ী। সরেজমিন দেখা যায়, রেলবিভাগের হিসাবের বাইরেও অসংখ্য অবৈধ লেভেল ক্রসিং রয়েছে।

যা স্থানীয় বাসিন্দারা নিজেদের পছন্দমতো তৈরি করে নিয়েছেন। ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত যাতায়াত করছেন নাগরিকরা। কোথাও কোথাও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সতর্কতা সাইনবোর্ড বসালেও বেশিরভাগ বোর্ডের লেখা অস্পষ্ট আর নাজুক। অরক্ষিত ক্রসিংয়ে গেটম্যান না থাকায় মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা।


যশোর-বেনাপোল রেললাইনে ২৮টি লেভেল ক্রসিং রয়েছে। এরমধ্যে চারটি বাদে ২৪টি লেভেল ক্রসিংয়ে গেটবার নেই। যশোর-কোটচাঁদপুর রুটে খড়কিতে আধা কিলোমিটারের ভেতরে সাতটি লেভেল ক্রসিং রয়েছে। এরমধ্যে যশোর পৌরসভার দক্ষিণ অংশের অনেক মানুষের শহরে প্রবেশদ্বার হলো খড়কি ধোপাপাড়ার সড়কটি। এই সড়কের মাঝদিয়ে চলে গেছে যশোর-কোটচাঁদপুর রেলপথ। অথচ এই ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান।

খড়কি এলাকার বাসিন্দা জাকির হোসেন পলাশ বলেন, এলাকার মানুষের প্রয়োজনেই লেভেল ক্রসিং তৈরি হয়েছে। কিন্তু কোন গেটম্যান কিংবা ব্যারিয়ার নেই। প্রায়ই দুর্ঘটনা ঘটে।
যশোর-বেনাপোল রেললাইনের খড়কি এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পেরিয়ে একটু এগিয়ে গেলেই মহাসড়ক। এখানে অনুমোদিত লেভেল ক্রসিং রয়েছে। দায়িত্বপ্রাপ্ত দুজন গেটম্যান বলেন, মহাসড়কের এই লেভেল ক্রসিং খুবই ঝুঁকিপূর্ণ। ঠিক সময়ে ব্যারিয়ার নামালেও পথচারীরা নিয়ম মানতে চায় না। যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক রুহুল আমিন বলেন, অবৈধ লেভেল ক্রসিং বাড়ছে। মূলত সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের অভাবে স্থানীয়দের তৈরি অবৈধ লেভেল ক্রসিং মরণফাঁদে পরিণত হয়েছে।


রেলওয়ে যশোর অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ বলেন, অবৈধ লেভেল ক্রসিংগুলো তৈরি করেছে স্থানীয় বাসিন্দা কিংবা সরকারি সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান। অবৈধ গেটের দুপাশে সাবধান বোর্ড স্থাপন করে দিয়েছি। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানিয়ে দিই। চিঠির পরিপ্রেক্ষিতে তারা গেটের বৈধতা চাইলে পদক্ষেপ নেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রতিনিয়ত আমরা রেললাইন পরিদর্শন করি। যাতে কেউ অবৈধ ক্রসিং তৈরি করতে না পারে। কেউ অবৈধ ক্রসিং তৈরির চেষ্টা করলে প্রতিরোধ করছি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে।