Home আঞ্চলিক দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে শত শত নৌকা নিয়ে খোলপেটুয়া নদীতে মানববন্ধন

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে শত শত নৌকা নিয়ে খোলপেটুয়া নদীতে মানববন্ধন

9


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।

সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলে-বাওয়ালীরা। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মসূচিতে শত শত নৌকা নিয়ে অংশ নেন তারা।

তাদের একটাই দাবি, দস্যুমুক্ত সুন্দরবন। বনদস্যুদের তৎপরতার কারণে বনে যেতে পারছেন না অনেক বনজীবী। যারা যেতে চান, তাদের বিভিন্ন বাহিনীকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

নৌকায় প্ল্যাকার্ড নিয়ে এবং স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নেন জেলে-বাওয়ালীরা। তাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তারা জানিয়েছেন, সুন্দরবনে বনদস্যুদের ১২ থেকে ১৪টি বাহিনী সক্রিয় আছে। এসব বাহিনীকে চাঁদা না দিলে বনজীবীদের বনে প্রবেশ করতে দেওয়া হয় না। যাদের চাঁদা দেওয়ার সামর্থ্য নেই, তাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাচ্ছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বনদস্যু নির্মূলের দাবিতে গত ২৮ অক্টোবর উপকূলের গাবুরা থেকে এ আন্দোলন শুরু হয়। পরে তা সুন্দরবন ঘেঁষা উপকূলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এর আগে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। তবে তাদের অভিযোগ, এখনো বনদস্যুদের তৎপরতা বন্ধ হয়নি।


বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, আবদুর রহিম, খালিদ হোসেন, পারুল আক্তার এবং জেলে বাবলুর রহমান, সবুর আলী, উমর ফারুক ও সাইফুল ইসলামসহ অনেকে।

আন্দোলনে অংশ নেওয়া জেলে বাবলুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নেই। প্রতিদিন কোনো না কোনো এলাকা থেকে মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করছে বনদস্যুরা। আন্দোলনে নামার পর তাদের ভয় আরও বেড়েছে।


জেলে সবুর আলী জানিয়েছেন, সুন্দরবনে যেতে না পেরে তারা দিনের পর দিন বেকার থাকছেন। বনে গেলে অপহরণের শিকার হওয়ার আশঙ্কায় পরিবার নিয়ে দুর্দশায় দিন কাটছে তাদের। প্রশাসনকে বারবার জানানোর পরও কার্যকর পদক্ষেপ দেখেননি বলে অভিযোগ তার।

জেলে উমর ফারুকের ভাষ্য, ‘সরকার বনদস্যু নির্মূল করতে না পারলে আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। তা না হলে আমরা খাব কী? দিনের পর দিন পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে। আমাদের আন্দোলনের ছবি তাদের কাছে পৌঁছে গেছে। ছবি দেখে দেখে আমাদের হুমকি দিচ্ছে। আমরা এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।’

গাবুরার ডুমুরিয়া এলাকার জেলে আতিয়ার রহমান গাজী জানিয়েছেন, তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এখন বনে গেলে একদিকে চাঁদা দিতে হয়, অন্যদিকে অপহরণের ভয় থাকে। এত টাকা দিয়ে বনে গেলে সংসার চালানোর মতো আয় থাকে না।

আরেক বনজীবী আল-আমিন সরদার বলেছেন, ‘ঘরে বসে থাকলে চুলা জ্বলে না, আবার বনে গেলেও অপহরণের ভয় থাকে। পরিবারের সদস্যরা প্রতিদিন নিরাপদে ফিরে আসার অপেক্ষায় থাকেন। আমরা দয়া চাই না, নিরাপদে জঙ্গলে কাজ করার অধিকার চাই।’

বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক সালাউদ্দিন লিটন জানিয়েছেন, আন্দোলনের নবম দিনেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত অভিযান শুরু না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সমাবেশে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির জানিয়েছেন, সুন্দরবনের বনদস্যুদের নির্মূলের দাবিতে বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলেদের দুর্দশার কথা তুলে ধরবেন।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান জানিয়েছেন, জেলে-বাওয়ালীদের আন্দোলনের দাবির সঙ্গে তারা একমত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে তারা প্রস্তুত। কয়েকটি বাহিনী বনদস্যু নির্মূলে কাজ করছে। তাদের সঙ্গে যৌথ অভিযান চালাতেও বন বিভাগ প্রস্তুত রয়েছে।

এর মধ্যে গতকাল রবিবার সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। এ ঘটনায় বনজীবীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।