Home Lead ঢাবিতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর সিআইডি কার্যালয় ও পল্লবী থানায়...

ঢাবিতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর সিআইডি কার্যালয় ও পল্লবী থানায় ককটেল হামলা

12


ঢাকা অফিস।।
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এবং ভাটারা এলাকায় বাসে আগুনের পর এবার সিআইডির প্রধান কার্যালয় ও পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে এসব পৃথক সহিংসতার ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয় লক্ষ্য করে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলটি সিআইডি কার্যালয়ের ভেতরে থাকা স্পেশাল ব্রাঞ্চের একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রায় একই সময়ে পল্লবী থানার ভেতরেও মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে।

এতে থানায় দায়িত্বরত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) এক সদস্য সামান্য আহত হন। এর আগে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানেÑসিনেট ভবন, মহসীন হলের মাঠ, টিএসসি, শাহবাগগামী সড়ক এবং ডাকসু ভবনের সামনে পর পর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।


ককটেল বিস্ফোরণের পর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহবাগ থানা পুলিশ রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩) নামে তিনজনকে আটক করেছে। অন্যদিকে, সন্ধ্যায় ভাটারা থানার অদূরে প্রগতি সরণিতে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পার্ক করে রাখা একটি খালি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সহিংসতার এসব ঘটনার খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।